ওয়ান নিউজঃ বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনকে ঘিরে আজ শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নেতাকর্মীদের ঢল এখন সম্মেলনস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। এরই মধ্যে সম্মেলনস্থলে প্রবেশের জন্য ৫ টি গেটে এর মধ্যে ৪ টি গেট খুলে দেয়া হয়েছে। ১ টি গেট ভিআইপিদের জন্য রাখা হয়েছে। এ ৪টি প্রবেশ পথ দিয়ে এরই মধ্যে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে শুরু করেছেন।
সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলনের প্রবেশপথ ও আশপাশ এলাকা জমজমাট হয়ে উঠেছে। নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে আসছেন।
দুই দিনব্যাপী এ সম্মেলন বিকাল ৩টায় সম্মেলন শুরু হয়। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করবেন। এ সময় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা ও দলের সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করবেন।
সম্মেলনে সারা দেশ থেকে সাড়ে ৭ হাজার কাউন্সিলর ও ১৫ হাজার ডেলিগেটসহ প্রায় ৫০ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন। এ কাউন্সিলে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সম্মেলনের উদ্বোধনের পরই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এরপর ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং শোক প্রস্তাব পাঠ হবে। এরপর এক মিনিট নীরবতা পালন এবং অভ্যর্থনা উপপরিষদের আহ্বায়ক বক্তব্য দেবেন। সাধারণ সম্পাদক দলের প্রতিবেদন তুলে ধরবেন। এরপর সভাপতির বক্তব্য এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে প্রথম দিনের কর্মসূচি।
দ্বিতীয় দিন (২১ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে নেতৃত্ব নির্বাচনের জন কাউন্সিল অধিবেশন হবে। শেখ হাসিনা কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করবেন। এরপর রুদ্ধদ্বার কাউন্সিল শুরু হবে। কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.