আত্নসমর্পন না করলে কঠোর পরিণতি অপেক্ষা করছে – স্বরাষ্ট্রমন্ত্রী

মোঃ  নেজাম উদ্দিন
কক্সবাজার কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন পরিষদ মাঠে কক্সবাজারে জেলা পুলিশ আয়োজিত জলদস্যু ও অস্ত্রকারিগরদের আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আত্মসমর্পণকারীদের অপরাধের মধ্যে খুন ও ধর্ষণ ছাড়া বাকি সব মামলা তুলে নেওয়া হবে। তিনি বলেন, যারা এখনো
আত্মসমর্পণ করেনি, তাদের সবার ঠিকানা পেয়ে গেছি। তারা যদি স্বাভাবিক জীবনে ফিরে না আসে, তাহলে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে।
‘বাংলাদেশ এখন সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল’ উল্লেখ করে মন্ত্রী বলেন, এই দেশকে দস্যু, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এদেশকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করা হবে।
সুন্দরবন এখন দস্যুমুক্ত। আমরা জোর গলায় বলতে পারি, দেশকে দস্যু, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে এ সরকার জানিয়ে তিনি বলেন, কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে এবং এই এলাকায় বিদ্যুৎকেন্দ্র তৈরি করা হচ্ছে। সাবরাংকে পর্যটনের জন্য বিশেষ জোন হিসেবে গড়ে তোলা হচ্ছে। তিন লাখ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলছে।
আজ আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বাভাবিক জীবনে ফেরার আশার জন্য আত্মসমর্পণকারীরা রাষ্ট্রের কাছে মোট ১৫৫ টি অস্ত্র ও ২৭৩ টি পিচ গোলাবারুদ জমা দিয়েছে। আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা শেষে এসব অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগ এনে ৯৬ জন জলদস্যু ও অস্ত্রের কারিগরকে আসামী করে মহেশখালী থানার ওসি (তদন্ত) বাবুল আযাদ বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মহেশখালী থানায় একটি মামলা দায়ের করেন। যার থানা মামলা নম্বর : ১৯/২০১৯ ইংরেজি। মামলা দায়েরের পর কক্সবাজার আদালতের কোর্ট ইনস্পেকটর মাহবুবুর রহমানের মাধ্যমে ৯৬ জন আসামীকে আদালতে প্রেরণ করা হয়। আদালতে মামলাটির জিআর নম্বর পড়ে ৩১৭/২০১৯ ইংরেজি। সাপ্তাহিক ছুটিকালীন আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ্ এই মামলার ৯৬ জন আসামীকে চার্জ ওয়ারেন্ট (সি ডাব্লিও) মূলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালতের নির্দেশ অনুযায়ী শনিবার বিকেলে ৯৬ জন আত্মসমর্পণকারী আসামীকে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয় বলে  কোর্ট ইনস্পেকটর মাহবুবুর রহমান জানিয়েছেন।
সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেন কক্সবাজারের মহেশখালীর  জলদস্যু ও অস্ত্রকারিগররা। এদের মধ্যে রয়েছেন বহুল আলোচিত অস্ত্রকারিগর জাফর আলমসহ ১৮টি বাহিনীর জলদস্যুরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.