ওয়ান নিউজ ডেক্সঃ বিএনপি নেতৃত্বাধীন জোটের মধ্যে যে ভাঙন ধরেছে তার বহিঃপ্রকাশ করেছেন ২০ দলীয় জোটের অন্যতম প্রধান নেতা ও এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের গঠিত নতুন জোট বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। একই সঙ্গে বর্তমানে কর্নেল অলি কোন জোটের নেতা হিসেবে রাজনীতিতে আছেন এই নিয়েও প্রশ্ন তুলেছেন তথ্যমন্ত্রী।
শুক্রবার (২৮ জুন) হাছান মাহমুদ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন। আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
ঐক্যফ্রন্টের মধ্যে যেমন ঐক্য নাই তেমনি ২০ দলীয় জোটের মধ্যেও ঐক্য নাই বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, তাদের মধ্যে যে ঐক্য নাই সেটির বহিঃপ্রকাশ হচ্ছে অলি আহমদের আলাদা জোট গঠন করা।
জোটের মধ্যকার অনৈক্য প্রকাশ করার জন্যে অলি আহমদকে অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এখন তিনি রাজনীতির কোন জোটে আছেন তা প্রশ্ন থেকে যায়। তিনি কি নিজে ঘোষিত জোটের নেতা হিসেবে আছেন নাকি ২০ দলীয় জোটের নেতা হিসেবে আছেন, নাকি ঐক্যফ্রন্টের নেতা হিসেবে আছেন। এটা একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে রাজনীতির মাঠে।
আশা করি তিনি (কর্নেল অলি) তার পরিচয় জনগণের সামনে তুলে ধরবেন বলেও যোগ করেন হাছান মাহমুদ।
জিয়াউর রহমান রাজনীতিবিদদের কেনা বেচার হাট বসিয়ে বিএনপি গঠন করেছিলেন বলে মন্তব্য করে তিনি বলেন, সেই হাটে যারা বিক্রি হয়েছিলেন তাদের মাঝে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়েছেন। সেই কারণে দেখতে পাচ্ছি বিএনপি অফিসে ১০ই জুন থেকে বিক্ষোভ চলছে।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ১৮ দিনের বেশি সময় ধরে বিএনপির অফিস যেখানে সাধারণ কর্মীরা অবরুদ্ধ করে রেখেছেন তারা নাকি সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন করবেন।
বিএনপির দলীয় নেতাদের মধ্যেই যেখানে শৃঙ্খলা নেই তারা দেশের জনগণকে কীভাবে পরিচালনা করবেন বলে প্রশ্ন ছুঁড়ে তথ্যমন্ত্রী বলেন, যারা নিজেদের কর্মীদের তুষ্ট করতে পারেন না, শৃঙ্খলার মধ্যে রাখতে পারেন না তারা দেশের মানুষকে খুশি রাখতে পারবেন না এবং দেশও পরিচালনা করতে পারবেন না।
আওয়ামী লীগকে একবিংশ শতাব্দীর একটি দল হিসেবে গড়তে চায় জানিয়ে তথ্যমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ পরিচালনার দায়িত্বে থাকতে চাইলে জনগণকে খুশি রাখতে হবে। তাদের খুশি রাখতে হলে আমাদের বিনয়ী হতে হবে। জনগণ আমাদের ভোট না দিলে ক্ষমতায় থাকা সম্ভবপর নয়।
দেশের উন্নতি করতে হলে একটি দলের ক্ষমতার ধারাবাহিকতা থাকা দরকার উল্লেখ করে তিনি বলেন, আমাদের সমস্ত আচার আচরণে মানুষ যাতে আমাদের উপর সন্তুষ্ট থাকে তা দেখতে হবে। যারা বিএনপি ও তাদের ঘরানার রাজনীতি করেন তাদের সাথে আমাদের কর্মীদের যে পার্থক্য আছে সেই রাজনৈতিক চেতনা ও উৎকর্ষ বজায় রাখতে হবে।
উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.