ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডও গড়েছে ইংলিশরা। এর আগে ২০১১ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে ৮ উইকেটে ৩৩৮ রান ছিলো তাদের। এবার বাংলাদেশের বোলিংকে তুলোধুনো করে ৬ উইকেটে ৩৮৬ রান তোলে মরগান বাহিনী।
আগের দুই ম্যাচে টাইগারদের বোলিং লাইন যতোটা নিয়ন্ত্রিত ছিল, এ ম্যাচে তাঁর ছিটে ফোটা দেখা গেলো না। সাকিব আল হাসান পুরো দশ ওভার করে ৭১ রানে ছিলেন উইকেটশূন্য। বাকি বোলাররাও জ্বলে উঠতে পারেনি। মাশরাফিদের কোনো ব্রেক থ্রু রানের গতি কমাতে পারেনি ইংল্যান্ডের। ইংল্যান্ডের হয়ে জেসন রয় সর্বোচ্চ ১৫৩ রান করেন। বাটলার করেন ৬৪ রান। বাংলাদেশের পক্ষে সাইফউদ্দিন ও মিরাজ দুটি ও মাশরাফি –মুস্তাফিজ একটি করে উইকেট নেন।
২০০৭ সালে অস্ট্রেলিয়া টানা ছয় ম্যাচে ৩০০ র বেশি সংগ্রহ গড়েছিলো ২০০৭ সালে। এ রেকর্ড ভাঙতে এক যুগ সময় লেগেছে কোন দলের। একসময় ঢিমে তালে ব্যাটিং করা ইংল্যান্ডের দখলে গেলো এই রেকর্ড। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে চার ওয়ানডেতে ৩০০ র বেশি সংগ্রহ করে। বিশ্বকাপের তিন ম্যাচে এ ধারাবাহিকতা ধরে রাখে এউইন মরগানের দল।
কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস জিতে মাশরাফি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। শুরুতে দলের সেরা অস্ত্র সাকিবের হাতে বল তুলে দেন তিনি। প্রথম পাঁচ ওভারে ইংলিশদের বিপক্ষে নিয়ন্ত্রিত বোলিং করে বাংলাদেশ শিবির। এরপর বাংলাদেশি বোলারদের এলোমেলো বোলিং ও বাজে ফিল্ডিংয়ের সুবিধা আদায় করে ইংল্যান্ড। ৮ ওভারের মধ্যে স্কোরবোর্ডে পঞ্চাশ রান তুলে নেয় তারা। প্রথম পাওয়ার প্লেতে আসে ৬৭ রান।
মাত্র ১৫ ওভারে স্কোরবোর্ডে একশ রান পার করেছে ইংল্যান্ড। বিশ্বকাপের এ আসরে প্রথমবারের মতো উদ্বোধনী জুটিতে শতরান দেখালেন জেসন রয় ও জনি বেয়ারস্টো। এজন্য ৭টি চার ও ১ ছক্কায় ৩৮ বল খেলে হাফসেঞ্চুরি করেন জেসন রয। বেয়ারস্টো তোলেন ক্যারিয়ারের দশম হাফসেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ১২৮ রান তোলে তারা।
২০তম ওভারে প্রথম ব্রেক থ্রু পায় বাংলাদেশ। মাশরাফি সফল হন। দ্বিতীয় স্পেলে এসে। প্রথম স্পেলে তিন ওভারে ১৯ রান দেন তিনি। দ্বিতীয় স্পেলের দ্বিতীয় ওভারে শিকার করেন বেয়ারস্টোর উইকেট। শর্ট কাভারে মিরাজের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ৫১ রান করেন ডানহাতি ওপেনার।
দ্বিতীয় উইকেটে জেসন রয় ও জো রুট যোগ করেন ৭৭ রান। ওয়ানডাউনে নামা জো রুট আউট ২১ রানে। সাইফউদ্দিনের বলে ইনসাইড এজে বোল্ড হন তিনি। এর আগে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন জেসন। ৯২ বলে ১২টি চার ও ১ ছক্কায় সেঞ্চুরি করেন তিনি। শেষ পর্যন্ত ১২১ বলে ১৫৩ রান করেন ইংলিশ ওপেনার। ১৪টি চার ও ৫ ছক্কা ছিলো তাঁর ব্যাটিংয়ে। মিরাজের বলে মাশরাফির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।
চতুর্থ উইকেটে মরগানের সঙ্গে বাটলার গড়েন ৯৫ রানের জুটি। ক্যারিয়ারের ১৯তম হাফসেঞ্চুরি করেন বাটলার, মরগান আউট ৩৫ রানে। টেল এন্ডারে নামা ওকস আর প্লাঙ্কেটও ব্যাটিং ঝড় তোলেন। ওকস ৮ বলে ১৮ ও প্লাঙ্কেট ৯ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন। ইংলিশরা শেষ দশ ওভারে তোলে ১১১ রান।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মীথুন, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান
ইংল্যান্ড একাদশ:
জেসন রায়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জোস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওয়াক্স, জোফরা আচার, আদিল রশিদ, লিয়াম প্লানকেট, মার্ক উড।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.