নিরপেক্ষ নির্বাচনে সরকারকে বাধ্য করতে হবে : ফখরুল

ওয়ান নিউজ ডেক্সঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন বাজি রেখে লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এক অনুষ্ঠানে তিনি এসব আহ্বান জানান।

খালেদা জিয়ার ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আশু রোগ মুক্তি কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিলে আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে গণতন্ত্রকে ফিরে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। সেজন্য মানুষের অধিকার ফিরিয়ে আনতে জীবন বাজি রেখে আমাদেরকে লড়াই করতে হবে এবং সেই সংগ্রামে আমাদের জয়ী হতে হবে। সরকারকে বাধ্য করতে হবে একদিকে খালেদা জিয়াকে মুক্তি দিতে, অন্যদিকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন করতে।

তিনি বলেন, আজকে এমন এক মুহূর্তে বেগম খালেদা জিয়ার জন্মদিনে আমরা দোয়া করার জন্য উপস্থিত হয়েছি যখন তিনি এই স্বৈরাচারী সরকারের চক্রান্তে কারাগারে রুদ্ধ হয়েছেন। তিনি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি গণতন্ত্রাতিক আন্দোলনের কয়েকজন ব্যক্তির মাঝে একজন। যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন।

খালেদা জিয়ার রাজনৈতিক জীবন স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ নয় বছর তিনি মানুষের কাছে গেছেন, মানুষকে নিয়ে রাজপথে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছেন। তিনি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। ১/১১ সময় তিনি যখন কারাগারে যান, তখন সেখান (কারাগার) থেকে সরকারকে বাধ্য করেছিলেন জরুরী অবস্থা তুলে নিতে। আজকে তাদের চেয়েও খারাপ হচ্ছে এই সরকার। তারা মানুষের সমস্ত অধিকারগুলো দখল করেছে।

তিনি বলেন, সরকার কোমলমতি শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনকে নির্মমভাবে দমন করেছে। শিক্ষার্থীদের গ্রেফতার করেছে, তাদের তুলে নেয়া হচ্ছে। মেয়েদেরকেও রেহাই দেওয়া হচ্ছে না।

এসময় দোয়া মাহফিলে অংশ নেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, শিক্ষা বিষয়ক সম্পাদক এবিএম ওবায়দুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.