ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ খেলা ছেড়েছেন সেই ১৯৯৭ সালে। জাতীয় দলকে গুডবাই বলেছেন ১৯৯৪ এ। কিন্তু তারকা খ্যাতি একটুও কমেছে কি ডিয়েগো ম্যারাডোনার? বরং এখনো যেখানেই যান প্রচারের প্রায় পুরোটা আলো থাকে তাকে ঘিরেই। এই যেমন রাশিয়াতেই বাড়তি আপ্যায়ন পাচ্ছেন ১৯৮৬ এর বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আয়োজক সংস্থা ফিফা থেকে শুরু করে গণমাধ্যম সবখানেই তাকে নিয়ে মাতামাতি!
অবশ্য রঙীন এই সাবেক ফুটবলারটিও কম যাচ্ছেন না। বিতর্ক তার সঙ্গী হয়েই আছে! নাইজেরিয়ার বিপক্ষে গ্যালারিতে বসে যা করলেন তা নিয়ে এখনো চলছে ধুন্ধুমার সমালোচনা। সিট ছেড়ে লাফিয়ে উঠে বিতর্কিত অঙ্গভঙ্গি। আবেগ দমিয়ে না রাখতে পেরে অবশ্য অসুস্থও হয়েছেন। সঙ্গে সমালোচনার তীরও ধেঁয়ে এসেছে। খোঁদ যার আমন্ত্রনে রাশিয়া বিশ্বকাপে এসেছেন, সেই ফিফা কর্তারাও নাকি ম্যারাডোনার কাণ্ডে বিব্রত!
এটাতো এখন প্রচার হয়েই গেছে, অর্থের বিনিময়ে খেলা দেখতে এসেছেন আর্জেন্টাইন এই ‘ফুটবল ইশ্বর।’
প্রতিদিন পিছু ম্যারাডোনার পেছনে ফিফার ব্যয় হচ্ছে মোটা অঙ্কের অর্থ। জানা গেছে দিন প্রতি দিতে হচ্ছে তাকে দশহাজার পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ টাকারও বেশি! এখানেই শেষ নয়, সঙ্গে ম্যারাডোনার থাকা, খাওয়া আর বিলাসবহুল গাড়ির পেছনেও প্রতিদিনই ব্যয় হচ্ছে হাজারো পাউন্ড!
ম্যারাডোনাকে এমন ‘বাড়তি’ গুুরত্ব দিতে গিয়ে সমালোচিতও হচ্ছে ফিফা। প্রতিষ্ঠানটির ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো পড়েছেন বিপাকে। অবশ্য সুন্দর একটি আইডিয়া থেকেই ফুটবল কিংবদন্তিদের বিশ্বকাপে জড়ো করেছিলেন তিনি। মাঠের ফুটবলকে আরো বেশি প্রানবন্ত করতেই গ্যালারিতে সাবেকদের জায়গা করে দিয়েছেন তিনি। আর দর্শকরাও যেন ফিরে যেতে পারে স্মৃতির বারান্দায়! এই ভাবনা থেকেই রোনালদো, কার্লোস পুয়েল, রেনে গিগুয়েতা, মিরোস্লাভ ক্লোসা, কার্লোস পুয়োল আর স্যামুয়েল ইতোদের দেখা যাচ্ছে গ্যালারিতে।
কিন্তু এখানে বাড়তি গুরুত্ব পাচ্ছেন ম্যারাডোনা। তার জন্য থাকা রাজকীয় ব্যবস্থায় অন্যরা বিরক্ত। এমন কী গ্যালারিতেও ম্যারাডোনার জন্য খাকছে সবচেয়ে ভাল জায়গাটা। এটা নিয়ে নাকি ফিফার কাছে অনেকে নালিশও করেছেন। তবে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে এই কিংবদন্তির আচরনটা কষ্ট দিয়েছে অনেককেই। বিশেষ করে জার্মানির বিশ্বকাপ জয়ী অধিনায়ক লুথার ম্যাখিউজ এনিয়ে প্রতিবাদ মুখর। তবে ম্যারাডোনা এসব পাত্তা দেওয়ার মতো নন। এরইমধ্যে জানিয়ে রেখেছেন-যেমন আছেন তেমনই থাকতে চান তিনি!

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.