ধাপ্পাবাজি, চাপাবাজি করে আর পার পাওয়া যাবে না-রিজভী
ওয়ান নিউজঃ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেছেন, নির্বাচন নিরপেক্ষ হলে পরিণতি কী হবে, সেটা ভেবেই কাদের সাহেবরা হুমকি-ধামকি করেন। কিন্তু, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার দাবি থেকে এক চুলও সরবে না। শনিবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে রিজভী বলেন, ‘অতি ক্ষমতা, অতি দম্ভ, অতি দুর্নীতি, অতি নিপীড়ন, অতি অস্ত্রের আস্ফালন ও অতি মিথ্যাচারে আপনারা অতিকায় ডাইনোসরে পরিণত হয়েছেন। প্রাণিকুল থেকে অতি শিগগিরই অবলুপ্ত হয়ে যাবেন।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার অধীনে নির্বাচনের কথা আপনাদের জন্য হবে অরণ্যে রোদন। গণতন্ত্র হত্যাকারীদের অধীনে নির্বাচন হলে, সেখানে মানুষের ভোটাধিকার আবারো ২০১৪ সালের ৫ জানুয়ারির মতোই কবরস্থানে চলে যাবে।’
গতকাল শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। নির্বাচনও বিএনপির জন্য অপেক্ষা করবে না। সাহস থাকলে এবার যেন তারা নির্বাচন ঠেকাতে আসেন। প্রতিহত করা হবে।’
তার এ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘মানুষ বিএনপিকে নয়, প্রতিহত করবে ভোটাধিকার হরণকারীদের, গণতন্ত্র হত্যাকারীদের। দেশের যে বারোটা আপনারা বাজিয়েছেন, ধাপ্পাবাজি, চাপাবাজি করে আর পার পাওয়া যাবে না।’
এ সময় তিনি ২০১৮ সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের ঘরে ঘরে গণতন্ত্রের বিজয় পতাকা উড়বে বলেও মন্তব্য করেন।
এক প্রশ্নের উত্তরে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা। এজন্য আমরা সংগ্রাম করছি, আন্দোলন করছি। এটি অব্যাহত থাকবে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.