যে টাকা ভাতা দেয়া হয়, তাতে কি সংসার চলে?
ওয়ান নিউজ ডেক্সঃ কেউ যেন ভাতার উপর নির্ভরশীল হয়ে না পড়ে সে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই কেউ যেন ভাতার উপরে নির্ভরশীল না হয়। যার যে ক্ষমতা আছে সেটা যেন কাজে লাগায়, সেটা দেশের উন্নয়নেও কাজে লাগে। কিছু সুশীল সমাজ আছে তারা প্র্যাকটিকাল চিন্তা করে না হাইপোথেটিকাল চিন্তা করে। তারা সব কিছুতেই ভুল ধরে। তারা বলে, যে টাকা ভাতা দেয়া হয়, তাতে কি সংসার চলে? সবার সংসার চালানোর দায়িত্ব সরকারের না। সবাই যার যার দায়িত্ব পালন করবে। শুধু কেউ যেন ক্ষুধার্ত বা অভুক্ত না থাকে সেটা আমরা করতে পারি। সবাইকে যার যার কাজ করতে হবে। কাজ করে নিজের খাবার অর্জন করতে হবে। তাহলে দেশের উন্নয়ন হবে।
মঙ্গলবার (০২ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতীয় সমাজসেবা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শেখ হাসিনা। পরে তিনি এই দিবসের উদ্বোধন ঘোষণা করেন।
বক্তৃতায় সরকারগৃহীত নানান উন্নয়ন কার্যক্রমের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আমরা বাবা-মা সুরক্ষা আইন করে দিয়েছি। যে বাবা মা কষ্ট করে লালন পালন করে, সন্তান স্বচ্ছল হয়ে গেলে, বাবা-মাকে আর দেখেনা। সেজন্য আইন করে দিয়েছি। প্রবীনদের যেন অবহেলা করতে না পারে সেজন্য জাতীয় প্রবীন নীতিমালা ২০১৩ করে দিয়েছি। তৃতীয় লিঙ্গের মানুষদের স্বীকৃতি দিয়েছি। তাদের বেতন ভাতা দিয়েছি। তাদের দক্ষতা আছে, ট্রেনিং দিয়ে তাদের কাজে লাগাচ্ছি। বিধবা ভাতা ও বয়স্ক ভাতা যাতে সুষ্ঠুভাবে চলে সেদিকে দৃষ্টি দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। সেই দেশের উন্নয়ন আমরা করতে চাই। এই উন্নয়ন সবার জন্য। সবাই যাতে সমান সুযোগ পায় সে লক্ষ্যে কাজ করছে সরকার।
এসময় তিনি আরো বলেন, আমরা শাসক হতে ক্ষমতায় আসিনি, সেবক হতে এসেছি। ৯৬-২০০১ সাল পর্যন্ত সমাজ সেবায় নজর দেয়া হতো। তারপর আবার ক্ষমতায় আসতে পারিনি। ক্ষমতায় এসে আবার শুরু করি এসব কার্যক্রম।
প্রধানমন্ত্রী বলেন, ‘ভাতাভোগীরা যাতে মাসে ১০ কেজি চাল কিনতে পারেন সে বিষয়টি মাথায় রেখেই তাদের ভাতা দেয়া হয়। আমরা এর বেশি ভাতা দিতে চাই না। কারণ বেশি ভাতা পেলে আর কেউ কাজ করতে চাইবে না।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.