আবার দুঃসময়ে পড়েছি, ষড়যন্ত্র চলছে: কাদের

ওয়ান নিউজঃ বিএনপি-জামায়াত অপশক্তিকে মোকাবেলায় মানসিক, রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রস্তুতি গ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার বিকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘আবার আমরা দুঃসময়ে পতিত হয়েছি, চক্রান্তের মুখে পতিত হয়েছি, আবারও ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনকে নস্যাৎ করার জন্য এই ষড়যন্ত্র শুরু হয়েছে।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘একটি দল বিষধর সাপের মতো সুযোগ পেলেই ছোবল মারে। ইস্যুর পর ইস্যু খোঁজে, কিন্তু আন্দোলনে মাঠে থাকে না। সাড়ে আট বছরে তারা কোনো আন্দোলন করতে পারেনি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) আবার ক্ষমতায় এলে ভয়ঙ্কর অমানিশায় দেশ পতিত হবে। তারা আন্দোলনে ব্যর্থ হয়ে সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে মনে হয় ক্ষমতার সিংহদ্বারে পৌঁছে গেছে। গর্ত থেকে উঠে আবার লাফালাফি শুরু করে দিয়েছে।’

এসময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরাই আবার জয়ী হবো এবং সরকার গঠন করবো।’

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.