হেফাজতে ইসলামের মহাসচিব কাসেমীকে আইসিইউতে স্থানান্তর

ওয়ান নিউজ ডেক্সঃ হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থা আরো অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
আজ শুক্রবার (১১শে ডিসেম্বর) সকালে নূর হোসাইন কাসেমীর প্রেস সেক্রেটারি মুনির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। নূর হোসাইন কাসেমীর ঠান্ডা ও শ্বাসকষ্ট থাকলেও করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে বলেও জানান মুনির আহমেদ।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে।

নূর হোসাইন কাসেমী হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সংগঠনের আমির আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর গত ১৫ই নভেম্বর নতুন করে কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আল্লামা বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব নির্বাচিত করা হয়।

আল্লামা নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহসভাপতি ও আল-হাইয়া বোর্ডেরও কো-চেয়ারম্যান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.