ইমাম খাইর:
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।
জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক আটকে পড়ার ঘটনায় এমন সিদ্ধান্ত প্রশাসনের।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে প্রশাসন থেকে ঘোষণাটি আসে।
সেইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটকবাহী পরিবহন বন্ধ রাখার কথাও জানানো হয়েছে।
টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথগামী ট্রলারের টিকিট বিক্রেতা মো. জোবায়ের জানিয়েছেন, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় মঙ্গলবার কোন টিকিট বিক্রি করে নি তারা। ফলে কোন পর্যটক সেন্টমার্টিনে যেতে পারে নি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রলার ছাড়বে না।
ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আলম বলেন, মঙ্গলবার সকাল থেকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া ঘাটে সেন্টমার্টিনে যাওয়ার উদ্দেশে অনেক পর্যটক এসেছে টিকিট কাউন্টারে। কিন্তু স্থানীয় প্রশাসনের অনুমতি না থাকায় কোনো পর্যটককে টিকিট দেওয়া হয়নি। ফলে পর্যটকেরা সেন্টমার্টিন দ্বীপে যেতে পারেননি। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পর্যটক পরিববহন বন্ধ থাকবে।
সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার তারেক আহমেদ জানান, পর্যটক পরিবহনের জন্য কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। নতুন করে অনুমতি দেওয়া হলে আবারও জাহাজ চলাচলের মাধ্যমে পর্যটক পরিবহন করতে কোনো ধরনের বাধা থাকবে না।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, পর্যটক পরিবহনে কোন জাহাজ এখনো অনুমোদন পায়নি। নতুন করে অনুমতি পেলে চলাচল করবে। বৈরী আবহাওয়ায় আপাতত স্থানীয় ট্রলার চলাচলও বন্ধ থাকবে।
গত কয়েক দিন আগে টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া ঘাট থেকে ট্রলার ও স্পীডবোটে করে তিনশ পর্যটক রাত্রিযাপনের জন্য সেন্টমার্টিন দ্বীপে যান। এরপর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রোববার ও সোমবার দু’দিন নৌ-রুটে সার্ভিস ট্রলার চলাচল বন্ধ থাকায় তারা আটকা পড়েছিলেন। পরে মঙ্গলবার তারা গন্তব্যে চলে গেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.