সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বানঃ বিএনপি প্রার্থী

ঢাকা-৫ উপনির্বাচন।

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনকে আবারো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানাচ্ছি। ঢাকা-৫ উপ নির্বাচনে সন্ত্রাসীদের দিয়ে আমার পোলিং এজেন্ট ও দলীয় নেতাকমীদের হুমকি দেয়া হচ্ছে।

তিনি ঢাকা-৫ আসনের ভোটার, পোলিং এজেন্ট, প্রধান নির্বাচনী এজেন্ট ও প্রার্থী হিসেবে সালাহউদ্দিন আহমেদ তার নিজের নিরাপত্তা নিশ্চিতের জন্য কমিশনের কাছে দাবি জানান। এ বিষয়ে একাধিকার নির্বাচন কমিশন কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে অভিযোগ দেয়া হয়েছে বলে জানান বিএনপি প্রার্থী।

বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়িতে নিজের নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন সালাহউদ্দিন আহমেদ।

এসময় তিনি বলেন, আওয়ামীলীগ প্রার্থী এ এলাকার বাসিন্দা না, সূত্রাপুরের বাসিন্দা। উনি বহিরাগত হিসেবে এখানে নির্বাচন করছেন।

অতীতে তিনবার এলাকার সংসদ সদস্য থাকার কথা উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, এ এলাকার যাবতীয় উন্নয়ন আমি করেছি। পথ-ঘাটহীন অনুন্নত ও গ্রামীণ এই জনপদকে আধুনিক শহরে রূপান্তর তার হাত দিয়েই হয়েছে উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, আমি এ এলাকার সন্তান আর আওয়ামীলীগ প্রার্থী অর্বাচীন।

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, আমার দলে কোনো কোন্দল নেই। দলের সব নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ধানের শীষের পতাকা তলে।

সংবাদ সম্মেলনে তার নির্বাচনী প্রচারণায় গণমাধ্যমের সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী ১৭ তারিখ নির্বাচনের দিন পর্যন্ত তা অব্যাহত রাখার আহবান জানান। এসময় তার সাথে ছিলেন সালাহউদ্দিন আহমেদের পুত্র ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.