ওয়ান নিউজঃ সরকার সীমান্ত এলাকার স্থিতিশীলতা রক্ষায় অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তার দফতরে সিলেট-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
বিএনপির গণতন্ত্র হচ্ছে তাদেরকে নির্বাচনে জয়ী হওয়ার গ্যারান্টি দেওয়া উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের গনতন্ত্র হচ্ছে হাওয়া ভবনের লুটেরা সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করা এবং নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন সরে যাওয়াই বিএনপির গনতন্ত্র।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিতে গনতন্ত্রের চর্চা নেই, এ কথা বলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি কষ্ট পেয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল কত বছর আগে হয়েছিলো,হয়তো ফখরুল সাহেব তা ভুলেই গেছেন। আসলে বিএনপির সমস্যা হলো তারা এখন বহুধাবিভক্ত নেতৃত্বে, তৃণমূলে নয়।
গণতন্ত্র একটি বিকশমান প্রক্রিয়া, হঠাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গনতন্ত্র এক চাকার সাইকেল নয়, গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে প্রয়োজন সকল পক্ষের সদিচ্ছা। যা বিএনপিতে নেই।
দেশে গণতন্ত্র নেই বলে বিএনপি নেতাদের অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাহলে আপনারা প্রতিনিয়ত সরকারের সমালোচনা করছেন কীভাবে? গণতন্ত্র আছে বলেই তো আপনারা সমালোচনা করে যাচ্ছেন।
গঙ্গার পানি বণ্টন প্রসঙ্গে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তারা ক্ষমতায় থাকাকালীন গঙ্গার পানি বন্টনের কথা ভুলে গেলেও আওয়ামী লীগ সরকার ভুলে যায় নি। তিস্তার পানি বণ্টনও সমাধান হবে অচিরেই, এ বিষয়ে আলোচনা হচ্ছে।
তিনি বলেন, বিআরটিসিকে গণমানুষের আস্থার বাহনে রূপান্তর করতে শেখ হাসিনা সরকার সম্প্রতি বহরে সহ¯্রাধিক বাস ও ট্রাক সংযোজন করেছে। এখন প্রয়োজন বিআরটিসি’র নেটওয়ার্ক সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন।
সেবাখাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে অনিয়ম কমানো সম্ভব উল্লেখ করে মন্ত্রী বিআরটিসির ট্রিপ ব্যবস্থাপনায় জিপিএস প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি মনিটরিং জোরদার ও রাজস্ব আয় বাড়াতে নিজস্ব অপারেশন সফটওয়্যার ব্যবহারের নির্দেশ দেন।
এ সময় ভার্চুয়াল প্লাটফরমে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান, সিলেট বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.