সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না

ওয়ান নিউজঃ কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দেশের প্রথম নারী পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে দলটি।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

এডভোকেট শামীম আরা স্বপ্না দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি আইন পেশায় যুক্ত থেকে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও কাজ করে যাচ্ছেন।

মনোনয়ন প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি দলের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দলের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আরও জোরালো ভূমিকা রাখবেন।

এদিকে কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এডভোকেট শামীম আরা স্বপ্নাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার মাধ্যমে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে এবং জেলার রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রাপ্তরা সাধারণত সংসদে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

মন্তব্য করুন

আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্র রিরোধী এবং উষ্কানীমূলক কোন মন্তব্য বা বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোন ধরনের আপত্তিকর মন্তব্য বা বক্তব্য সংশোধনের ক্ষমতা রাখেন।