রোহিঙ্গাদের দেখতে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট বিমানযোগে কক্সবাজারে
আবদুর রাজ্জাক,কক্সবাজার :
সহিংসতার মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে আজ মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) বেলা ১১টায় সুইস এয়ারফোর্সের বিশেষ বিমানযোগে কক্সবাজার পৌছেঁছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বেরসে। এরপর সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) স্থাপিত রোহিঙ্গা ইউনিটে চিকিৎসাধীন রোগী ও চিকিৎসা ব্যবস্থা পরিদর্শনে যান সুইস প্রেসিডেন্ট। হাসপাতাল পরিদর্শন শেষে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে উখিয়ার উদ্দেশে রওনা দেন তিনি। দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও ত্রাণসহ অন্যান্য সেবা কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে তার।
সুইস প্রেসিডেন্টের সঙ্গে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আইওএম ও ইউএনএইচসিআরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা রয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.