বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

ওয়ান নিউজ ডেক্সঃ মায়ের ভাষায় কথা বলার অধিকার চাইতে গিয়ে ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, সেই বেদনাকে ধারণ করে মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে থেকেই জনতার ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে।কণ্ঠে সবার চির অম্লান সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি। মুখে একুশের আলপনা, মাথায় বাংলাদেশের পতাকা, বুকে কালো ব্যাজ, হাতে ফুল। 

রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বেদিতে জাতির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে কেন্দ্রীয় নেতাদেরকে সঙ্গে নিয়ে ফুল দেন আওয়ামী লীগ সভাপতি। এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার, সংসদে বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য ও বিদেশি কূটনীতিকরা। এ ছাড়াও শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানরাসহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যক্তিরা।রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হলে ফুলেল শ্রদ্ধা জানাতে সর্বস্তরের জনতার পদভারে মুখর হয়ে ওঠে স্মৃতির মিনার। বাহারি ফুল দিয়ে সাজানো পুষ্পার্ঘ্য অপর্ণের জন্য বেদিমূলে ভিড় করেন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারাও।২১ ফেব্রুয়ারি বাংলাদেশ সাধারণ ছুটি। ভাষা শহীদদের স্মরণে এদিন জাতীয় পতাকা রাখা হয়েছে অর্ধনমিত।সারা দেশে প্রথম প্রহরেই শহীদ মিনারে শুরু হয়েছে শ্রদ্ধা জানানোর পালা। ফুলে ফুলে ভরে উঠছে প্রতিটি মিনার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.