কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালীতে নিখোঁজ হওয়ার ৬ দিন পর গৃহবধু আফরোজার লাশ উদ্ধার করা হয়েছে।
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউপিস্থ উত্তর নলবিলায় গত ৬ দিন আগে নিখোঁজ হয় গৃহবধূ আফরোজা বেগম (২০)। সর্বশেষ মহেশখালী থানা শনিবার( ১৭ অক্টোবর) নিহত স্বামী রাকিব হাসান বাপ্পির বাড়ির আঙ্গিনায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থা থেকে রাত ১১টার দিকে আফরোজার লাশ উদ্ধার করে।
নিহত আফরোজা মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূঁইছড়া গ্রামের মোঃ ইসহাকের মেয়ে বলে জানা গেছে।
বিগত এক বছর পূর্বে মহেশখালী উত্তর নলবিলা গ্রামের হাসান বশিরের সন্তান ও কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান আরিফের ছোট ভাই বদরখালী কলেজের খণ্ডকালীন প্রভাষক রাকিব হাসান বাপ্পির সাথে আফরোজার বিয়ে হয়।
বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল বলে বিভিন্ন সুত্রে জানা যায়। এই পারিবারিক কলহের জের ধরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা পর্যন্ত গড়ায়। অবশেষে গত কিছুদিন পূর্বে মামলায় আপোষের মাধ্যমে স্বামী বাপ্পি স্ত্রী আফরোজাকে তার বাড়িতে নিয়ে যায়। এরই মধ্যে গত ১২ অক্টোবর বাপ্পির মা রোকেয়া হাসান তার পুত্রবধু আফরোজার নিখোঁজ হয়েছে বলে আফরোজার বাবার বাড়িতে খবর দেয়। নিখোঁজের এই খবরটি আফরোজার পিতার পরিবার মহেশখালী থানায় অবগত করে এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। সেই থেকে আফরোজা নিখোঁজ ছিল। অপরদিকে আফরোজার স্বামী রাকিব হাসান বাপ্পিও পলাতক হয়ে যায়। বাপ্পি কেন পলাতক হলো এ নিয়ে পুরো এলাকায় সন্দেহ সৃষ্টি হয়। এদিকে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে এবং বাপ্পির ডিভোর্স দেয়া ১ম স্ত্রীর শিশু কন্যার তথ্য মতে ১৭ অক্টোবর রাত ১১ টায় এএসপি মহেশখালী সার্কেল, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই ও কালারমারছড়া পুলিশ ফাঁড়ির এস আই জাইর উদ্দীন তাদেরসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বাপ্পির ঘরের উঠানের মাটি নিচে আফরোজার লাশ উদ্ধার করেন।
উদ্ধারের পর লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে আফরোজার বড় ভাই মিজান দাবি করেন- হাসানের প্রথম স্ত্রীর বাড়ি রাজবাড়িতে, তাদের একটি কন্যা সন্তানও রয়েছে, কলহের কারণে ডিভোর্স হয়। আফরোজাকে বিয়ে করার পরেও তালাক দেওয়া প্রথম স্ত্রীর সাথে যোগাযোগ করেই আসছে। তালাক দেওয়া প্রথম স্ত্রীর ইন্ধনেই আমার বোনের উপর এই অমানুষিক নির্যাতন করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.