ইন্টারনেট ও ক্যাবল টিভির ঝুলন্ত তার অপসারণ আপাতত বন্ধ
নিজস্ব প্রতিবেদকঃ ইন্টারনেট ও ক্যাবল টিভির ঝুলন্ত তার মাটির নিচে প্রতিস্থাপনে নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে আপাতত তার অপসারণের অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
আজ রোববার (১৮ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগরভবনে মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও ক্যাবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নেতাদের বৈঠকে এ সমঝোতা হয়।
বৈঠক শেষে মেয়র তাপস বলেন, দক্ষিণ সিটির পক্ষ থেকে রাস্তার ঝুলন্ত তার আর কাটা হবে না। ইন্টারনেট প্রোভাইডাররা নিজ খরচে মাটির নিচ দিয়ে তারের সংযোগ নেবেন এবং সঙ্গে সঙ্গে উপরে ঝুলন্ত তার কেটে দেবেন। আর এটা আগামী নভেম্বরের মধ্যেই তারা শেষ করবেন বলে আমাদের জানিয়েছেন।
বৈঠকে আইএসপিএবি সভাপতি এম এ হাকিম বলেন, ‘আজকে থেকেই আমরা ঝুলন্ত তার নামিয়ে মাটির নিচ দিয়ে সংযোগের কাজ শুরু করবো। আমরা আশা করি সামনের মাসের মধ্যেই তা শেষ করতে পারবো।
ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় গতমাসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঝুলন্ত সরানোর অভিযান শুরু হয়েছিল। এ অভিযান বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল আইএসপিএবি ও কোয়াব। বিকল্প ব্যবস্থা না করে তার অপসারণের প্রতিবাদে আজ রোববার থেকে প্রতিদিন তিনঘণ্টা সংযোগ বিচ্ছিন্ন রাখার কর্মসূচি দিয়েছিল এসব ক্যাবল অপারেটররা।
এ পরিস্থিতিতে গতকাল শনিবার বিকেলে আইএসপিএবির নেতাদের সঙ্গে বৈঠক করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জাব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। ওই বৈঠকে মন্ত্রীর আশ্বাসের পর ‘আপাতত’ কর্মসূচি স্থগিত করার কথা জানান
আইএসপিএবি সভাপতি আবদুল হাকিম। আজ রোববার ডিএসসিসির মেয়রের সঙ্গে বৈঠকের পর তারা ধর্মঘটে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.