না.গঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৫

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় আবুল বাসার মোল্লা (৫১) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তাকেসহ মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ১২ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল গণমাধ্যমকে ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ফতুল্লার তল্লা চামারবাড়ি বাইতুল সালাত জামে মসজিদে ছয়টি এসির বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের ছিটানো পানি জমার পর সেখান থেকে তিতাস গ্যাস লাইনে লিকেজ দেখা গেছে।

ঘটনার পর রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে সংকটাপন্ন ৪০ জনকে ভর্তি করা হয়।

এদিকে অগ্নিদগ্ধদের চিকিৎসায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। শুক্রবার রাত ১টার দিকে রোগীদের স্বজনদের চাপে বার্ন ইন্সটিটিউটের প্রধান ফটকটি বন্ধ করে দেয়া হয়।

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেনটেইন্যান্স) লে. কর্নেল জিল্লুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, প্রাথমিক অবস্থায় আমরা দেখতে পেয়েছি এ দুই তলা মসজিদের নিচতলার ফ্লোরের নিচে তিতাস গ্যাসের একটা লাইন আছে। বর্তমানে মসজিদের মেঝের বেশ কয়েকটি স্থান থেকে গ্যাস বের হতে দেখা যায়।

এতে বুঝা যায় গ্যাস নির্গত হচ্ছে। আমরা অনুমান করছি, এখানে যেহেতু নামাজের সময় এসি চালু ছিল। তার মানে পুরো ঘরটা এখানে বদ্ধ অবস্থায় ছিল। ঘরটা বদ্ধ থাকায় গ্যাস এখানে জমে যায়। হয়তো কোনো একজন কোনটা লাইট বা ফ্যানের সুইচ অন করার সময় হয়তো কোন প্রেসারে কারণে এটা ঘটে থাকতে পারে। কারণ এসিগুলো আগুনে পুড়ে গেছে। এসিগুলো বিস্ফোরণ হলে আশপাশে আরো কালো দাগ পাওয়া যেতো। কিন্তু এখনও পর্যন্ত কোন দাগ পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.