নাসিমের অবস্থা এখনো সংকটাপন্ন: ডা. কনক

ওয়ান নিউজ ডেক্সঃ সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া। তিনি কোনো সাড়া দিচ্ছেন না এবং গভীর কোমায় আছেন বলে জানান চিকিৎসক।

রবিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কনক কান্তি বড়ুয়া বলেন, ‘উনার অবস্থা অপরিবর্তিত। গত ২৪ ঘণ্টায় তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। মেডিকেল বোর্ড শনিবার বিকাল ৪টায় তাকে যে রকম দেখেছে, আজও তার অবস্থার কোনো পরিবর্তন নেই।’

মোহাম্মদ নাসিম অচেতন অবস্থায় আছেন জানিয়ে ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘তার জ্ঞান কখন ফেরে সেটি বোঝা যাচ্ছে না। এ অবস্থায়ই আরও অনেক সময় থাকতে পারেন।’

নাসিমের সিটিস্ক্যান করা হয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘তিনি কোমায় আছেন। সিটিস্ক্যান করার মতো অবস্থায় তিনি নেই। সিটিস্ক্যান করতে গেলেও ঝুঁকি। অবস্থার উন্নতি হলে সিটিস্ক্যান করা হবে।’

চিকিৎসক জানান, সাবেক স্বাস্থ্যমন্ত্রীর পালস গতকাল যে রকম ছিল এখনো সে রকম আছেন। এখনো ভেন্টিলেশনে আছেন। শ্বাস-প্রশ্বাস আগে যে রকম ছিল এখনো সে রকমটাই আছে।

নাসিম সংকটাপন্ন অবস্থায় আছেন জানিয়ে কনক কান্তি বড়ুয়া বলেন, ‘তিনি কোনো সাড়া দিচ্ছেন না এবং এই মুহূর্তে গভীর কোমায় আছেন।’

শারীরক দুর্বলতা নিয়ে গত সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করেনাভাইরাস পজিটিভ আসে। শুক্রবার ভোরে ব্রেইন স্ট্রোক করেন নাসিম। পরে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে নাসিমের অপারেশন হয়। এরপর থেকে তার জ্ঞান ফেরেনি। তিনি চিকিৎসকদের গভীর পর্যবেক্ষণে রয়েছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার ও দল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.