নিজস্ব প্রতিনিধি।
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে নিখোঁজের ৯দিন পর মাটি কুড়ে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বাইশারী ইউপির ৪নং ওয়ার্ড ক্যাজাইহ্লা মার্মার ঘোনার দুই পাহাড়ের মাঝখানে মাটি কুড়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃতদেহটি ইউনিয়নের করলিয়ামুরা গ্রামের মোঃ হোছনের ছেলে আব্দুল হাকিম (২৮) বলে নিশ্চিত করেছেন পুলিশ।

নিহতের পিতা মোঃ হোছেন জানান, গত ২৩ জুন সকাল সাড়ে ১১টার দিকে এক ব্যক্তি আমার ছেলেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার কোন ধরনের খোঁজ খবর না পেয়ে রবিবার (১ জুলাই)বিষয়টি স্থানীয় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দেন। এর পর তার সন্ধানে পুলিশ গহীন পাহাড়সহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশের পাশাপাশি স্থানীয় শত শত লোকজন গহীন পাহাড়ে সোমবার সকাল থেকে তল্লাশী শুরু করে। ঐ সময় লোকজন দুই পাহাড়ের মাঝখানে সমতল এক জায়গায় নতুন মাটির গর্তের সন্ধান পায়। ঘটনাটি ইউপি চেয়ারম্যানসহ এলাকাবাসী ও পরিবারের সদস্যদের জানান। চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি ঘটনাটি বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ একেএম হাবিবুল ইসলামকে অবহিত করেন।
খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌছে নতুন মাটির গর্ত দেখার পর সন্দেহ হলে ঐ গর্ত খুড়ে দেখতে পায় মৃতদেহটি। এসময় পরিবারের সদস্যরা লাশ দেখে আব্দুল হাকিম বলে সনাক্ত করে। ঐ গর্ত থেকে লাশের সাথে একটি ছুরি, ছাতা, মোবাইলের ব্যাটারী ও গামছা উদ্ধার করা হয়।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ একেএম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্সসহ এলাকাবাসীদের সাথে নিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশ মৃতদেহটি উদ্ধারের পর আবদুল হাকিম বলে নিশ্চিত হলে তার পরিবারের সদস্যদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠে। এসময় লাশটি দেখতে গহীন পাহাড়ে শত শত মানুষ ভীড় জমায়। বর্তমানে নাহত পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম।
এদিকে নিহত আব্দুল হাকিমের মা আমেনা খাতুন কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন তার ছেলের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে সুষ্ট তদন্ত পূর্বক ন্যায় বিচার পাওয়ার জন্য প্রশাসনের কাছে দাবী জানান। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারে নাই । এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ ও পরিবারের সূত্রে জনা গেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.