নিজস্ব প্রতিবেদকঃ দেশে নারী নির্যাতন ও ধর্ষণের দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে আন্দোলন কর্মসূচি প্রেসক্লাবের সামনে শুধু সীমাবদ্ধ রাখলে চলবে না। সারাদেশে আমাদের এই আন্দোলন ছড়িয়ে দিতে হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ কখনো অত্যাচারী স্বৈরাচারী সরকারের কাছে মাথা নত করেনি। ইতিহাস কথা বলে। দেশের মানুষ বারবার স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। যুবারা, তরুণরা তাদের গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন।
নোয়াখালীর বেগমগঞ্জে নারীর শ্লীলতাহানির কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘এটা এক দিনের নয়, মাসখানেক ধরে এই কাজ করেছে। অথচ সরকারের পুলিশ বাহিনী তা জানে না!’
মির্জা ফখরুল নারীদের প্রতি আহ্বান জানান, ‘আপনাদের প্রতি যে অন্যায়-অবিচার চলছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান।’
নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে অবস্থান কর্মসূচির আয়োজন করায় নারী ও শিশু অধিকার ফোরামকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল।
সংগঠনটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মুনসী বজলুল বাসিত আনজু, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.