দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতিঃ মির্জা ফখরুল

ওয়ান নিউজঃ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এমন দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্যাতিত নারী ও শিশুদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশে আইন-কানুনের বালাই নেই বলেই গুম-খুন-অপহরণ ও বিচারবহির্ভূত হত্যার পাশাপাশি সরকারদলীয় সন্ত্রাসীদের দ্বারা নারী ও শিশু নির্যাতনের যেন মহোৎসব শুরু হয়েছে। নারী ও শিশু নির্যাতন যে এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে, তা প্রতিদিন পত্রিকার পাতা খুললেই বোঝা যায়। নারী ও শিশুদের ওপর অত্যাচার ও নির্যাতনকারীরা মানুষ নামের কলঙ্ক, এরা বন্যপশুর চেয়েও নিকৃষ্ট।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের নিজেদের দুঃশাসনের ফলে অপকীর্তি ও অপকর্মের মাত্রা বৃদ্ধিতে এ ধরনের মনুষ্যত্বহীন ঘটনা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া নারী ও শিশু নির্যাতনের মতো পাশবিকতায় দোষীরা যথোপযুক্ত শাস্তি পাচ্ছে না বলেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে তারা আরও বেশি উৎসাহিত হচ্ছে।’

নারী ও শিশুদের ওপর অত্যাচার ও নির্যাতনকারীরা মানুষ নামের কলঙ্ক, এরা বন্য পশুর চেয়েও নিকৃষ্ট বলে মন্তব্য করেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশবাসী আশা করে, এই অমানুষদের নজীরবিহীন শাস্তি হোক। নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে পৈশাচিক কায়দায় নির্যাতনের ঘটনায় যারা জড়িত আমি তাদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই ঘটনায় ভুক্তভোগী নারী ও তাদের পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.