নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ব্যাংকের ভেতর থেকে সোফাইদা বেগম (২৮) নামের এক অসহায় নারীর টাকা নিয়ে চম্পট দিয়েছে অজ্ঞাত এক প্রতারক।
বাংলাদেশ ইসলামী ব্যাংক চকরিয়া শাখায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটেছে এ ঘটনা। সোফাইদা বেগম পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের তিনঘইজ্যা পাড়ার নাছির উদ্দিনের স্ত্রী।
সোফাইদা বেগম জানান; তার স্বামী গত ফ্রেব্রুয়ারী মাসে সৌদি আরব যান। সেখানে যাওয়ার ১০দিনের মধ্যে তিনি সড়ক দুর্ঘনায় মারাত্মক ভাবে আহত হন। এ কারণে গত ১ মার্চ তিনি দেশে ফেরত আসতে বাধ্য হন। তার পায়ের অপরেশনের জন্য গত ১৬ মার্চ চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি হয়। সেখানে বুধবার তার পায়ের অপারেশন হওয়ার কথা ছিল। বাংলাদেশ ইসলামী ব্যাংক চকরিয়া শাখায় তার স্বামীর একটি এমএসএস একাউন্ট আছে। ওই একাউন্ট থেকে মঙ্গলবার সাড়ে ১২টার দিকে তার স্ত্রী সোফাইদা বেগম ১লাখ ২৭ হাজার টাকা উত্তোলন করেন। ব্যাংকের ভেতরে ওই টাকা গুনে দেখার জন্য একটি চেয়ারে গিয়ে বসেন। ঠিক ওই সময় ৪৫-৫৬ বছর বয়সের এক অপরিচিত লোক গিয়ে তার টাকা গুলো প্রতারণা করে নিয়ে যায়। যা ব্যাংকের সিসি ক্যামরায় স্পষ্ট দেখা যাচ্ছে।
এ ব্যাপারে ইসলামী ব্যাংক চকরিয়া শাখার ব্যবস্থাপক মুহাম্মদ নিজামুল হক বলেছেন, সিসি ক্যামরায় ধারণ করা ভিডিও দেখে মনে হয়েছে ওই প্রতারক তাকে লোভে ফেলে এ ঘটনা ঘটিয়েছে। তারা আইনের আশ্রয় নিলে ব্যাংকের পক্ষ থেকে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
এ ঘটনায় বুধবার দুপুরে সোফাইদা বেগম চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.