চকরিয়ায় ইয়াবা বিক্রিকালে পুলিশের হাতে দুই বিক্রেতা আটক

 এম.মনছুর আলম,চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় অভিনব পন্থায় ইয়াবা পাচারের মাধ্যমে বিক্রিকালে দুই বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে তল্লাসী করে দুইশত পিস ইয়াবা উদ্ধার করেছে। আটক বিক্রেতারা হলেন, উপজেলার কাকারা ইউনিয়নের মাইজকাকারা এলাকার ওমর আলীর ছেলে আইয়ুব (২০) ও চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গাস্থ নাজির পাড়া এলাকার কোরবান আলীর ছেলে আরমান (৩০)। সোমবার (৩০ডিসেম্বর) দুপুর ১২টার দিকে থানা পুলিশের একটি টীম উপজেলার ফাঁসিয়াখালীস্থ ভেন্ডিবাজার এলাকার হার্ডওয়ার দোকানের সামনে থেকে তাদের আটক করেন। অভিযানে যাওয়া চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো: আবদুল বাতেন বলেন, ফাঁসিয়াখালীর ভেন্ডিবাজার এলাকায় একটি দোকানের সামনে অভিনব কৌশলে ইয়াবা বিক্রি করার গোপন সংবাদ পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে থানার ওসি হাবিবুর রহমানের নির্দেশে অভিযান চালানো হয়। ওই সময় ইয়াবা বিক্রিকালে আইয়ুব নামের এক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে এলইডি বাতির প্যাকেটের ভেতর থেকে কসট্যাব মোড়ানো দুইশত ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে চট্টগ্রাম থেকে ইয়াবা ক্রয় করতে আসা আরমান নামের এক যুবককেও আটক করা হয়। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান বলেন, পুলিশ গোপন সংবাদের মাধ্যামে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই বিক্রেতাকে আটক করতে সক্ষম হয়। আটক বিক্রেতাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বলে তিনি জানান

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.