গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপিই কৃত্রিম বাধাঃ কাদের

ওয়ান নিউজঃ গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপিই কৃত্রিম বাধা তৈরি করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির একদিকে নির্বাচন বিমুখ রাজনীতি, অপরদিকে অপপ্রচার ও ষড়যন্ত্র অব্যাহত রাখায় দেশের গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে। গণতন্ত্রকে এগিয়ে নিতে তারাই কৃত্রিম বাধা তৈরি করছে।

আজ শনিবার সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস ইচ্ছেমত রচনা করছে, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে তাদের নেতৃত্বে স্বাধীনতার চেতনা বিরোধী অপশক্তি যেভাবে ইতিহাস বিকৃতি ঘটিয়েছে, তার বিপরীতে নতুন প্রজন্ম এখন সত্যিকারের ইতিহাস জানতে পারছে। মুক্তিযুদ্ধের মিমাংসিত বিষয়ে প্রশ্নবিদ্ধ করার অধিকার কারো নেই।

ওবায়দুল কাদের বলেন, কারা মুক্তিযুদ্ধের মহানায়ককে সপরিবারে হত্যার বেনিফিশিয়ারি, কারা এদেশে খুনিদের বিচার চাওয়ার অধিকার হরণ করেছিল – তা নতুন প্রজন্ম জানতে পারছে বলে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে।

তিনি বলেন, বিএনপিই এদেশে স্বাধীনতার ইতিহাস বিকৃতির জনক। বিএনপি মুখোশের আড়ালে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের পৃষ্ঠপোষক।

আগামীকাল সারা দেশে চতুর্থ ধাপের ৫৫টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, এই বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী এবং গণতান্ত্রিক মূলবোধের প্রতি শ্রদ্ধাশীল।

ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, একটি অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কমিশন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে বরাবরের মত আগামীকালও সক্রিয় থাকবে। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সরকার তাদেরকে সকল ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.