কে কত ভোটিং রেটিং পয়েন্ট পেয়েছেন?

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ সংক্ষিপ্ত তিনে তার সঙ্গে ছিলেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। তবে ফিফা বর্ষসেরার ভোটের লড়াইয়ে এই দুই মহাতারকাকে স্পষ্ট ব্যবধানেই হারিয়েছেন লেভান্ডভস্কি। তিনি বিজয়ী হয়েছেন মোট ৫২ ভোটিং রেটিং পয়েন্ট পেয়ে। মেসি-রোনালদোর কেউই লেভান্ডভস্কির সঙ্গে জমাট লড়াই করতে পারেননি। তবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বিতার স্বাক্ষর রেখে এবারও মেসি-রোনালদোর মধ্যে লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। আর দুজনের সেই লড়াইয়ে এবার বিজয়ী রোনালদো। মেসিকে হারিয়ে তিনি হয়েছেন দ্বিতীয়। মানে প্রথম রানারআপ। পেয়েছেন ৩৮ ভোটিং রেটিং পয়েন্ট। আর ৩৫ ভোটিং রেটিং পয়েন্ট পেয়ে মেসি হয়েছেন তৃতীয় মানে দ্বিতীয় রানারআপ।

ফিফা বর্ষসেরা নির্বাচনে ভোট দিয়েছেন বিশ্বজুড়ে ফিফা সদস্য ভুক্ত ফুটবল ফেডারেশনগুলোর জাতীয় দলের কোচ, অধিনায়ক, প্রতিটি দেশের একজন করে নির্বাচিত ক্রীড়া সাংবাদিক এবং দর্শবেরা। মানে জাতীয় দলের কোচ, অধিনায়ক, নির্বাচিত সাংবাদিক এবং দর্শকেরা আলাদাভাবে ভোট দিয়েছেন। তো এই প্রতিটি ক্যাটাগরিতেই সর্বোচ্চ ভোট পেয়েছেন বিজয়ী লেভান্ডভস্কি। তবে দ্বিতীয় ও তৃতীয় হওয়া রোনালদো ও মেসির ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে।

জাতীয় দলের কোচদের ক্যাটাগরিতে রোনালদোর চেয়ে বেশি ভোট পেয়েছেন মেসি। মেসিকে ভোট দিয়েছেন ১৯৬ জন কোচ, রোনালদো পেয়েছেন ১৮৬ জনের ভোট। খেলোয়াড় তথা অধিনায়ক ক্যাটাগরির ভোট আবার বেশি পেয়েছেন রোনালদো। তাকে ভোট দিয়েছেন ২৫৭ জন অধিনায়ক। সেখানে মেসি পেয়েছেন ২০৭ জন অধিনায়কের ভোট। দর্শকদের ভোটেও চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে রোনালদো এগিয়ে। মোট ৪ লাখ ৫৭ হাজার ৯০৫ জন দর্শক ভোট দিয়েছেন রোনালদোকে। মেসিকে ভোট দিয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৯৫০ জন দর্শক।

নির্বাচিত ক্রীড়া সাংবাদিকের ভোট কে কতটি পেয়েছেন, সেটি নির্দিষ্ট করে জানা যায়নি। তবে ৪ ক্যাটাগরিতেই মেসি-রোনালদোর চেয়ে বেশি ভোট পেয়েছেন লেভা।

মূল লড়াইটা সংক্ষিপ্ত তিনের এই তিনজনের মধ্যেই হয়েছে। তবে ফিফার প্রাথমকি তালিকায় যে ১১ জন বাছাই হয়েছিলেন, তাদের কে কত ভোটিং রেটিং পয়েন্ট অর্জন করেছেন, সেটিও জানানো হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ২৯ রেটিং পয়েন্ট পেয়ে চতুর্থ হয়েছেন লিভারপুলের সেনেগালিজ উইঙ্গার সাদিও মানে। ২৬ রেটিং পয়েন্ট পেয়ে পঞ্চম ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। ২৫ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মেদ সালাহ।

১৯ রেটিং পয়েন্ট অর্জন করে পিএসজির কিলিয়ান এমবাপে সপ্তম। বায়ার্ন মিউনিখের স্প্যানিশ উইঙ্গার থিয়াগো আলকানতারা হয়েছেন অষ্টম, তার অর্জিত রেটিং পয়েন্ট ১৭। ১৬ পয়েন্ট পেয়ে নবম পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। যিনি সেরা তিনে জায়গা না পেয়ে ক্ষোভ ঝেরেছেন খুব। ব্যঙ্গাত্মক টুইট করে ধুয়ে দিয়েছেন ফিফাকে। ১৩ রেটিং পয়েন্ট পেয়ে দশম লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভিরগিল ফন ডিক। সেরা ১১ জনে ১১তম হয়েছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস। তার প্রাপ্ত ভোটিং রেটিং পয়েন্ট ৭।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.