ওয়ান নিউজঃ
কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য দলের নেতাকর্মীরা কেউ কিছু করতে পারছেন না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির’ দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
সেলিমা বলেন, ‘আমরা সারাক্ষণ বলছি, কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। কিন্তু আমরা সেটা করতে পারছি না। এখানে অনেক বক্তব্যে এসেছে, কেউ দলের নেতৃবৃন্দকে দোষারোপ করছেন। কেউ আমরা কিছু করতে পারছি না, সেই হিসেবে নিজেরা দশংন হচ্ছি। কিন্তু কিছু করতে পারছি না, এটা অত্যন্ত সত্য কথা।’
জামিন পাওয়ার যোগ্য হলেও প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে সেলিমা বলেন, ‘আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্তি করতে পারব। সেই দিন আসবে। আর সেই দিন হবে আমাদের আসল প্রতিবাদ।’
বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আজকে আমরা একটা ফ্যাসিস্ট অবৈধ সরকারের অধীনে আছি। যারা বিনাভোটে রাতের অন্ধকারে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। তারা তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশে এমন কোনো অপকর্ম নাই যা করেনি, করছে না। এক এক করে যদি আমরা তাদের গত ১০ বছরের ইতিহাস তুলে ধরি শেয়ারবাজার কেলেঙ্কারি, ব্যাংক লুট, দুর্নীতি, নারী হত্যা, নারী ধর্ষণ, শিশুহত্যার থেকে শুরু করে সমগ্র বাংলাশেকে একটি অন্ধকারের দিকে ক্রমশ ধাবিত করে নিয়ে যাচ্ছে ক্ষমতালিপ্সু সরকার।’
বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে উল্লেখ করে সেলিমা রহমান বলেন, ‘নেতাকর্মীরা আজকে আদালতের দরজায় দরজায় ঘুরে বেরায়। ক্যাসিনোসহ নানা দুর্নীতিতে নিমজ্জিত সরকার চুনোপুঁটিদের ধরছে। এসব চুনোপুঁটিদের ধরে বিএনপিকে আক্রমণ করার আরেকটি নতুন ইস্যু খুঁজছে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান (রাফি) হত্যার বিচার করেছে (সরকার)। কিন্তু আমরা তখনই সাধুবাদ জানাব, যখন তাদের প্রত্যেক আসামির ফাঁসি হবে। কারণ আমরা দেখতে পাই, রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় বিশ্বজিৎ হত্যার সকল সন্ত্রাসীরা মুক্তি পেয়েছে!’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.