কর্তৃত্ববাদী শাসকের যাঁতাকলে দেশের স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছেঃ রিজভী

ওয়ান নিউজঃ বর্তমান সরকারের দুর্নীতি, কর্তৃত্ববাদী শাসকের যাঁতাকলে দেশের হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। আজকে এইসব দুর্নীতির সাথে জড়িত কারা? পত্রিকার খবরে বলা হচ্ছে মন্ত্রী-এমপি ও তাদের সন্তানেরা জড়িত।

করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা প্রসংগে তিনি বলেন, আজকে সংবাদপত্রের পাতায় বেরিয়েছে গত দুইদিন ধরে করোনা পরীক্ষায় মানুষের সংখ্যা কমে গেছে। মানুষ হাসপাতালে যাচ্ছে না। কারণ যে অসুস্থ না তাকে যদি পজিটিভ সার্টিফিকেট দেয়া হয় তাহলে তো তার সবই শেষ। আর যে অসুস্থ আছে, যে আক্রান্ত হয়েছে তাকে দেয় নেগেটিভ সার্টিফিকেট। এই আতঙ্ক নিয়ে কেনো মানুষ হাসপাতালে যাবে? কেনো পরীক্ষা করাবে? এই কারণে করোনা পরীক্ষার সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

রিজভী আরও বলেন, আজকে কোথায় উন্নয়ন? আজকের দুদিনের বৃষ্টিতে ঢাকা শহর পানিতে তলিয়ে যায়। হাঁটুপানি কোমর পানি ভেঙ্গে নগরবাসীকে চলাচল করতে হচ্ছে। এই সরকার তাহলে কোথায় উন্নয়ন করছে? তারা উন্নয়ন করেছে আসলে ফ্লাইওভারে, তারা উন্নয়ন করেছে মেগা প্রজেক্ট। কারণ সেখানে শুধুই কাঁচা টাকা। তারা আজকে হাসপাতালের দিকে নজর দেয়নি। স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের দিকে নজর দেয়নি। অর্থাৎ ভালো কোনো কিছুতেই সরকারের অবদান নেই।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.