নিজস্ব প্রতিবেদকঃ মানি লন্ডারিংয়ের দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
রবিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
আদালতে রফিকুল আমিনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ও সাঈদ আহমদ রাজা। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।
পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, গত ২০ আগস্ট দুই মামলায় জামিন আবেদন খারিজ করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে এই দুই মামলা বিচারিক আদালতে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে।
এই আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে আপিল বিভাগে আবেদন করেন রফিকুল আমীন। আজ সেটি খারিজ করে দেন আপিল বিভাগ।
মানিলন্ডারিংয়ের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় দুটি মামলা করে দুদক। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ (এমএলএম) ও ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থের মধ্যে তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা এবং এক হাজার ১৭৮ কোটি ৬১ লাখ ২৩ হাজার ২০৪ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এই মামলা দুটি করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.