এমসি কলেজের গণধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদকঃ ধর্ষণের আলোচিত সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সাইফুর রহমানসহ চার নম্বর আসামি অর্জুন লস্করকে গ্রেফতার করেছে পুলিশ। হবিগঞ্জের মাধবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে, আসামিদের ধরতে সিলেটের সব সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়। বাকি আসামিদের ধরতে এখনও অভিযান চলছে। সব আসামি গ্রেফতার না হওয়ায় এমসি কলেজসহ সিলেটের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অর্জুন লস্করকে ইতিমধ্যে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছে। সাইফুর রহমানকেও আনা হচ্ছে। তাদেরকে জেলা পুলিশ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

মামলার আসামিরা হলেন- এমসি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাছুম, রবিউল হাসান, তারেক আহমদ ও অর্জুন। এজাহারভুক্ত আসামিদের সবাই আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রঞ্জিত সরকারের অনুসারী এবং ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে। অভিযুক্তদের গ্রেফতারে রাতভর অভিযান চালিয়ে ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানের রুম থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় স্বামী-স্ত্রী এমসি কলেজে বেড়াতে যান। এ সময় কলেজ ক্যাম্পাস থেকে কয়েকজন ছাত্রলীগ কর্মী জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায় দম্পতিকে। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে ২০ বছর বয়সী তরুণী গৃহবধূকে গণধর্ষণ করে তারা। খবর পেয়ে পুলিশ গৃহবধূকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে ভর্তি করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.