পুলিশের সায় না পেলেও সমাবেশ করবে বিএনপিঃ রিজভী
ওয়ান নিউজঃ বারবার অনুমতি চেয়েও না পাওয়ায় আগামীতে পুলিশের সায় না পেলেও সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এবার কোনো স্বৈরাচারের কাছে অনুমতি নয়, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে, কোনো পুলিশের অনুমতির জন্য আর অপেক্ষা করা হবে না, বলেছেন তিনি।
‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েও পায়নি বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত তিন বছরে সাত বার তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।
বিএনপিকে অনুমতি না দেওয়ার কোনো কারণ পুলিশ দেখায়নি। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের ইঙ্গিত দিয়েছেন, নাশকতার শঙ্কা থেকে হয়ত পুলিশ অনুমতি দেয়নি।
বিএনপি অনুমতি না পেলেও মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে আওয়ামী লীগ। ১ জানুয়ারি জাতীয় পার্টিও সমাবেশ করেছে সেখানে।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই বিষয়টি তুলে ধরে রিজভী বলেন, আজকে এরশাদের মতো রাজাকার সে যদি সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি পায়, সেক্টর কমান্ডারের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন অনুমতি পাবে না?
তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বলব, আপনি যেটা করতে চান, আপনার নেত্রী সেটা করতে চান না। কারণ বিএনপির শরীর থেকে যদি রক্ত বের হয়, বিএনপির নেতারা যদি রাজপথে লুটিয়ে পড়ে, তাহলে আপনার নেত্রী আনন্দিত হন, উল্লুসিত হন।
মহিলা দলের জ্যেষ্ঠ সহসভাপতি নুর জাহান ইয়াসমিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, পেয়ারা মোস্তফাসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.