গাছে বেঁধে কিশোর নির্যাতনের দায়ে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ:
রাজশাহীর চারঘাট উপজেলায় কিশোরকে গাছে বেঁধে বর্বর নির্যাতনের অভিযোগে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী কিশোরের বাবা।

গ্রেপ্তার ব্যক্তির নাম জহিরুল ইসলাম (৪৫)। উপজেলার মেরামতপুর গ্রামে তার বাড়ি। শুক্রবার দুপুরে পুকুরে মাছ চুরির অভিযোগে ওই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন করেন তিনি। পরে জহিরুল নিজেই সেই ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়ে দেন। ওই রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

নির্যাতনের শিকার কিশোর উপজেলার উত্তর মেরামাতপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবা চারঘাট পৌরসভার মেরামাতপুর মহল্লার বাসিন্দা। স্থানীয়রা ওই কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছেন।

স্থানীয়রা জানান, ওই কিশোর জহিরুল ইসলামের পুকুরে গোসল করতে যায়। তখন অন্য কয়েকজন পুকুরে মাছ ধরছিল। কিছু সময় পর জহিরুল পুকুর পাড়ে আসেন। এসময় কয়েকজন পালিয়ে যায়। তবে জহিরুল ওই কিশোরের কান ধরে তাকে পুকুরপাড়ে নিয়ে আসেন। এরপর একটি গাছের সঙ্গে তাকে বেঁধে রাখেন। তাকে চড়-থাপ্পড় দেওয়া হয়। ঘণ্টাখানেক বেঁধে রাখার পর ঘটনাটি দেখে স্থানীয়রা ছেলেটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

ওই কিশোরের বাবা বলেন, ‘চুরির অপবাদ দিয়ে আমার ছেলেকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। অন্য কেউ তার পুকুরে মাছ চুরি করতে পারে, আমার ছেলে পুকুরে গোসল করতে গিয়েছিল। তবুও তাকে মারধর করা হয়েছে। সে এখন হাসপাতালে আছে।’

এদিকে তার দাবি, তার ছেলে তাকে জানিয়েছেন যে জহিরুল তার পায়ুপথে মাছ ঢুকিয়ে দিয়েছিলেন। পুলিশ অবশ্য বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, পায়ুপথে মাছ ঢুকিয়ে দেয়ার বিষয়টি জানি না। তবে তাকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে।

ওসি জানান, থানায় দায়ের করা মামলায় ওই কিশোরকে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া নির্যাতনের ছবি ইন্টারনেটে প্রকাশ করায় একই মামলায় জহিরুলের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনের ধারা যুক্ত করা হয়েছে। দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। -ঢাকাটাইমস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.