‘মধ্যপ্রাচ্যের তালার চাবি ইরানের হাতে’

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানকে মধ্যপ্রাচ্যের তালার চাবি বলে উল্লেখ করেছেন দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি। তিনি বলেছেন, যদি এ অঞ্চলের তালা খুলতে হয় তবে এই চাবি দিয়েই খুলতে হবে।

এক সাক্ষাৎকারে সালেহি বলেন, তার দেশের পরমাণু সমঝোতা নিয়ে পাশ্চাত্যের সঙ্গে সৃষ্ট অচলাবস্থা কেটে যেতে শুরু করেছে। পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা টেকনিক্যাল পর্যায়ে প্রবেশ করেছে। এর অর্থ হচ্ছে, প্রাথমিক অচলাবস্থা কেটে গেছে যা ‘আশার আলো’ দেখাচ্ছে। খবর পার্সটুডের

তিনি বলেন, আগামী সপ্তাহে ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সদর দপ্তরে টেকনিক্যাল আলোচনা শুরু হবে। শুক্রবারের ভার্চুয়াল বৈঠকের মাধ্যমেই মূলত এই সুযোগ সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতায় ফিরে আসবে কিনা- তা নিয়ে এই কমিশনের একটি ভার্চুয়াল বৈঠক শুক্রবার অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরানের সঙ্গে চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।

বৈঠকে পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে আলোচনা করার পাশাপাশি এখন আর এ ব্যাপারে সময় নষ্ট না করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। বৈঠকে পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রত্যাবর্তন ও এই সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়নের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সম্পর্কে সালেহি আরো বলেন, সম্ভবত আমেরিকা এই বাস্তবতা উপলব্ধি করেছে যে, ইরানের ওপর যত বেশি চাপ প্রয়োগ করা হবে ইরান তত বেশি শক্তিশালী হবে।

ইরানে শতকরা ২০ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের পরিমাণ ৫০ কেজিতে পৌঁছেছে বলেও সাক্ষাৎকারে জানান আণবিক শক্তি সংস্থার প্রধান সালেহি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.