ডেস্ক নিউজ:
গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে করোনাভাইরাসের টিকাদান শুরু হয়েছে। মেহেদী হাসান/ঢাকা ট্রিবিউন
`আমি শুনেছি যে আমার নামটি কম্পিউটারে তালিকাবদ্ধ করতে হবে, তবে কীভাবে এটি করতে হয় তা কেউ আমাদের জানাননি। আমি জানি না যে আমাকে কোন হাসপাতালে যেতে হবে’
দেশজুড়ে টিকাদান কর্মসূচিতে নিবন্ধন করতে এখনও হিমশিম খাচ্ছে দেশের শ্রমিক শ্রেণির একটি অংশ। এমনকি অনেকে জানেই না যে টিকা পেতে নিবন্ধন করতে হবে।
ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকার ৭০ বছর বয়সী মুচি পরেশ দাস হলেন এমনই একজন। তার ধারণা যে হাসপাতালে গেলেই ভ্যাকসিন দেওয়া হবে।
যখন জানানো হয়েছিল টিকা পেতে তাকে অনলাইনে নিবন্ধন করতে হবে, পরেশ বলেছিলেন, “করোনাভাইরাস আমার মতো দরিদ্র মানুষকে সংক্রামিত করে না। সুতরাং, ভ্যাকসিন গ্রহণ করার প্রয়োজন নেই।”
ঢাকার কামরাঙ্গীরচরের ৫৫ বছর বয়সী খাদিজা নামে এক গৃহকর্মী জানিয়েছেন, তিনি টিকা নিতে চান তবে কীভাবে তা নিতে হবে সে বিষয়ে তার কোনও ধারণা নেই।
তিনি বলেছিলেন, “আমি শুনেছি যে আমার নামটি কম্পিউটারে তালিকাবদ্ধ করতে হবে, তবে কীভাবে এটি করতে হয় তা কেউ আমাদের জানাননি। আমি জানি না যে আমাকে কোন হাসপাতালে যেতে হবে। ”
এদের দুজনই সাধারণ ফোন ব্যবহার করেন।
নগরীর হাতিরপুল বাজারের এক মাছ ব্যবসায়ী, ধানমন্ডির এক রিকশা চালক এবং নিম্ন-আয়ের গোষ্ঠীর আরও অনেকএই একইভাবে ভ্যাকসিনের জন্য নিবন্ধনের বিষয়ে কিছুই জানেন না।
নীলক্ষেতের এক রাস্তার পাশে বিক্রেতা বলেছিলেন, “আমরা অবশ্যই ভ্যাকসিন নেব। তবে কীভাবে বা কোথায় পাবো তা জানি না। সরকার যদি আমাদের কোথাও যেতে বলে, আমরা সেখানে নিবন্ধনকরণ এবং টিকা দেওয়ার জন্য সেখানে যাব।”
সম্প্রতি, টিকা কেন্দ্রগুলোতে ঘুরে এই সংবাদদাতা সমাজের দরিদ্র শ্রেণির খুব কম লোককে দেখতে পান। কেন্দ্রগুলোতে ভ্যাকসিন নিতে আসা বেশিরভাগ মধ্যবিত্ত বা শিক্ষিত পরিবারের।
এক্ষেত্রে, স্মার্টফোনের অভাব ও ইন্টারনেট বড় বাধা হিসাবে প্রমাণিত হয়।
বাংলাদেশ ইন্সটিটিউট অফ লেবার স্টাডিজের (বিআইএলএস) একটি সমীক্ষা অনুযায়ী, ঢাকায় প্রায় ২২ লাখ রিকশা চালক রয়েছেন। সরকারী সূত্র জানিয়েছে, দেশে প্রায় সাড়ে তিন থেকে সাড়ে পাঁচ লাখ পরিচ্ছন্নতাকর্মী রয়েছে।
এছাড়াও, পরিবহন শ্রমিক ফেডারেশন অনুসারে, প্রায় ৪০ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশের সড়ক পরিবহন খাতে জড়িত রয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ২০১৯ সালের শেষের দিকে সংসদে জানিয়েছিলেন যে ঢাকার প্রায় ৩,৪০০ বস্তিতে প্রায় ৬,৪৬,০০০ লোকের বাস।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বি-নাজির আহমেদ বলেছিলেন, “স্বল্প আয়ের জনগোষ্ঠী এবং অন্যান্য পিছিয়ে পড়া গোষ্ঠীর লোকেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, কিন্তু তাদের এই ভ্যাকসিন দেওয়ার কোনও তাড়া নেই বলে মনে হয়। এর বেশ কয়েকটি কারণ রয়েছে, যার মধ্যে প্রধান হল ইন্টারনেট সহ স্মার্টফোনের অভাব এবং ‘সুরক্ষা’ ওয়েবসাইটে কীভাবে নিবন্ধন করা যায় সে বিষয়ে জ্ঞানের অভাব।”
তিনি আরও বলেন, “ভ্যাকসিনটি বিনামূল্যের হতে পারে, কিন্তু তারা এখনও এটি গ্রহণ করতে পারেনি।”
ডিজিএইচএস-এর কোভিড-১৯ মিডিয়া সেলের মুখপাত্র ডা. নাজমুল ইসলাম বলেছিলেন যে দিনে ২,২৫,০০০ মানুষকে টিকা দেওয়া একটা ভাল ফলাফল ছিল।
তবে বৃহস্পতিবার এই টিকাদানের সংখ্যা কমে দাঁড়ায় ১,২১,০১০। বুধবার ছিল ১,৫৮,৬৫৪ এবং মঙ্গলবার ১,১৪,৬৮০, সোমবার ১,১৬,৩০০ এবং রবিবার ১,২৫,৭৫২।
বিশেষজ্ঞরা বলেন যে এই ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা কমে যাওয়াটা সম্ভবত দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী দরিদ্র শ্রেনির নিবন্ধন করতে না পারার ফল।
এ বিষয়ে ডিজিএইচএসের অতিরিক্ত মহাপরিচালক ও কোভিড -১৯ মিডিয়া সেলের প্রধান ডা. নাসিমা সুলতানা বলেছেন, শহরাঞ্চলে মানুষকে টিকাদানের কার্যক্রম ভাল চলছে।
“এখনও, টিকাদানের সংখ্যা হ্রাস পেয়েছে। আমরা লক্ষ্য করেছি যে ইউনিয়ন পরিষদ থেকে নিবন্ধিত ব্যক্তিরা টিকা কেন্দ্রগুলোতে যাচ্ছেন না।”
“তাদের মধ্যে অনেকেই হয়তো পরিবহন ব্যয় বহন করতে না পারার জন্য কেন্দ্রে যেতে পারছে না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
সরকার কেন দরিদ্র জনগোষ্ঠীকে টিকা দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে না জানতে চাইলে তিনি বলেছিলেন, “এদের মধ্যে খুব কমই সংক্রমিত হয়েছে। যেহেতু তারা উচ্চ ঝুঁকিতে নেই, তাই আমরা সম্মুখসারির জনগণকে অগ্রাধিকার দিচ্ছি। এছাড়া, ভ্যাকসিনের মজুদও একটি সমস্যা।”
ডিজিএইচএসের অতিরিক্ত পরিচালক আরও জানান, “পর্যাপ্ত পরিমাণে ডোজ হাতে এলে আমরা গণহারে টিকাদান কর্মসূচিতে যাব।”
সমাজের দরিদ্র জনগোষ্ঠীর চল্লিশোর্ধদের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) এ জাতীয় অনেক নাগরিককে নিবন্ধন করতে সহায়তা করেছে। যেসব জায়গায় সিএইচসিপির সেটআপ নেই, সেখানে নিবন্ধনকরণ স্থানীয় সরকারের দায়িত্ব। যে কেউ নিবন্ধন করে টিকাকেন্দ্রে ভ্যাকসিনটি পাবে। ”
তিনি এনজিওদেরও অনুরোধ করেন যারা এই ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারছেন না তাদের সহায়তা করতে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব নূর আলম সিদ্দিকী ঢাকা ট্রিবিউনকে বলেছেন, টিকাদান কর্মসূচির শুরু থেকেই শহরাঞ্চলে স্বাস্থ্যসেবা এবং প্রসূতি ক্লিনিকগুলোতে নিবন্ধিত ব্যক্তিদের সহায়তা করার জন্য তাদের ডেস্ক রয়েছে।
জনগণকে সহায়তা ডেস্ক সম্পর্কে অবহিত করতে তারা কোনও প্রচার চালিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রচার প্রচারণা ডিজিএইচএসের দায়িত্ব।
এখন অবধি, শুক্রবার (৫ মার্চ) বিকাল পর্যন্ত ৪৮ লাখেরও বেশি লোক নিবন্ধন করেছেন। এবং বাংলাদেশে ২% এরও বেশি নাগরিককে (৩৫,৮১,১৬৯) টিকা দেয়া হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.