টাইমের চমক: বাইডেন ও কমলা ‘পারসন অব দ্য ইয়ার’

ওয়ান নিউজ ডেক্সঃ প্রতি বছরের শেষে আলোচিত ব্যক্তিত্ব নির্বাচন করে থাকে ‘টাইম’। এ বছর তাদের এই জরিপে বিশেষ চমক দেখিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই ম্যাগাজিন।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়ে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেন ও কমলা হ্যারিসকে ২০২০ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে বেছে নিয়েছে ‘টাইম’।

এ বছর ‘পারসন অব দ্য ইয়ার’র জন্য যাদের নাম মনোনয়ন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল তারা হলেন—যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি, ভোটিং রাইটস অ্যাকটিভিস্ট স্ট্যাসি আব্রামস, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার, জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং টুল জুমের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক ইউয়ান, মার্কিন র‌্যাপার কেনি ওয়েস্ট, পোপ ফ্রান্সিস, অগ্নি নির্বাপণ কর্মী ও ব্ল্যাক লাইভস ম্যাটারস অ্যাকটিভিস্টসহ আরো অনেকে।

এছাড়া ‘পারসন অব দ্য ইয়ার’ এর মনোনয়ন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রিচেন হুইটমারের নাম। করোনাভাইরাস প্রতিরোধে নজিরবিহীন পদক্ষেপ, প্রেসিডেন্ট ট্রাম্পের আক্রমণের লক্ষ্যবস্তু হওয়া এবং প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়াসহ বিভিন্ন কারণে হুইটমার এ বছর জাতীয় মনোযোগ আকর্ষণ করেছেন। এ ছাড়া গত অক্টোবরে হুইটমারকে অপহরণ ও হত্যার একটি চক্রান্ত এফবিআই বানচাল করে, যা আন্তর্জাতিক মিডিয়ায় শিরোনাম হয়েছিল।

এর আগে ধরিত্রী রক্ষায় স্কুল বাদ দিয়ে জলবায়ু আন্দোলনে শামিল হওয়া সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গকে ২০১৯ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করেছিল টাইম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.