শেয়ারবাজারের শক্তি ও সামর্থ্য বাড়ছে

ডেস্ক নিউজ:
হতাশাগ্রস্ত বিনিয়োগকারীদের আশা জাগানোর পাশাপাশি আর্থিকভাবে লাভবান হওয়ারও সুযোগ তৈরি হচ্ছে দেশের শেয়ারবাজারে। এক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বড় ভূমিকা রয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেষ্টায় একদিকে সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে, অন্যদিকে বড় বড় প্রতিষ্ঠান এই বাজারে আসছে। এর ফলে শেয়ারবাজারের গতি যেমন বাড়ছে, তেমনি শক্তি ও সামর্থ্যও বাড়তে শুরু করেছে।

বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। এদিন মূল্য সূচকের পাশাপাশি দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। শুধু তাই নয়, এদিন গত এক বছরের মধ্যে শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে।

তথ্য বলছে, এ দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৫ পয়েন্টে উঠে এসেছে। ফলে ২০১৯ সালের ২৯ আগস্টের পর সূচকটি সর্বোচ্চ অবস্থানে উঠে আসে।

সংশ্লিষ্টরা বলছেন, যেভাবে সূচক বাড়ছে, তাতে অচিরেই এই বাজার বিশ্বের একটি গুরুত্বপূর্ণ শেয়ার বাজারে রূপ নিতে পারে।

এ প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর গবেষক ড. জায়েদ বখত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগের চেয়ে শেয়ারবাজারে সুশাসন বেড়েছে। মানুষের মধ্যে আস্থাও বাড়তে শুরু করেছে। বড় বড় প্রতিষ্ঠানও আসছে। এতে বাজারের গতি বেড়েছে। শক্তি ও সামর্থ্যও বাড়তে শুরু করেছে। যার সুফল অর্থনীতিতেও আসছে।’

এদিকে মূল্য সূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বৃদ্ধির মধ্য দিয়ে গত সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। এতে বিনিয়োগকারীরা ফিরে পেয়েছেন ১১ হাজার কোটি টাকার ওপরে।

গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ১০ হাজার ৬১৭ কোটি টাকা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩ লাখ ৯৯ হাজার ২৭৮ কোটি টাকা। অর্থাৎ ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১১ হাজার ৩৩৯ কোটি টাকা। এর মাধ্যমে টানা দুই সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বাড়লো ২০ হাজার ৮৪ কোটি টাকা। গত সপ্তাহের আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছিল ৮ হাজার ৭৪৫ কোটি টাকা।

তথ্য বলছে, গত সপ্তাহজুড়ে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১৯ দশমিক ৮২ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১০৫ দশমিক ৭৫ পয়েন্ট। অর্থাৎ দুই সপ্তাহের বড় উত্থানে ডিএসই’র প্রধান সূচক বাড়লো ২২৫ পয়েন্ট।

প্রধান মূল্য সূচকরে পাশাপাশি বড় উত্থান হয়েছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকেরও। গত সপ্তাহজুড়ে সূচকটি বেড়েছে ৪৮ দশমিক শূন্য ৩ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ৩৭ দশমিক ৪৩ পয়েন্ট। আর ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহে বেড়েছে ৩৩ দশমিক ৯৯ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ১৬ দশমিক ৬৯ পয়েন্ট । সপ্তাহজুড়ে ডিএসইতে দাম বেড়েছে ১৯৫টি প্রতিষ্ঠানের শেয়ারের। দাম কমেছে ১০৭টির। আর ৬০টির দাম অপরিবর্তিত রয়েছে।

গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৮৩৪ কোটি ৬৮ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতি দিন গড়ে লেনদেন হয় ৭৭৯ কোটি ৫৯ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৫৫ কোটি ৯ লাখ টাকা। গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ১৭৩ কোটি ৪১ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮৯৭ কোটি ৯৯ লাখ টাকা। সেই হিসাবে মোট লেনদেন বেড়েছে ২৭৫ কোটি ৪২ লাখ টাকা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.