ডেস্ক নিউজ:
নির্বাচনে জালিয়াতির প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের পক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে রাস্তায় নামছে তার সমর্থকরা। স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। বিভিন্ন বামপন্থী সংগঠন পাল্টা বিক্ষোভের আয়োজন করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সদ্য সমাপ্ত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয় মেনে নিতে অস্বীকার করে আসছেন ট্রাম্প। নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ তুলে বেশ কিছু অঙ্গরাজ্যেমামলা করেছেন তিনি। ট্রাম্পের দাবি, তিনিই নির্বাচনে জয়ী হয়েছেন। তবে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প পূর্ববর্তী অবস্থান থেকে খানিকটা সরে এসে বলেছেন, তিনি প্রেসিডেন্ট থাকবেন কিনা তা সময়ই বলে দেবে।
৭ নভেম্বর বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পর পরই বেশ কয়েকটি বিক্ষোভ করেছে তার সমর্থকরা। তবে সেগুলো আকারে ছোট ছিল। ট্রাম্পের ভোট জালিয়াতির ভিত্তিহীন দাবিকে সমর্থন জানিয়ে শনিবার আবারও বিক্ষোভের আয়োজন করা হয়েছে। ওথ কিপারস মিলিশিয়া ও প্রাউড বয়েজের সদস্যরাসহ বিভিন্ন উগ্র-ডানপন্থী ট্রাম্প সমর্থকরা এতে অংশ নেবে।
আয়োজক সংগঠনগুলো র্যালিগুলোর বিভিন্ন নাম দিয়েছে। এর মধ্যে রয়েছে-মিলিয়ন এমএজিএ মার্চ, দ্য মার্চ ফর ট্রাম্প এবং স্টপ দ্য স্টিল। ট্রাম্পের ক্যাম্পেইন স্লোগান ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ এর সংক্ষিপ্ত নাম এমএজিএ। বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে টুইট করেছেন ট্রাম্প।
উল্লেখ্য মার্কিন নির্বাচনে ইতোমধ্যে জয় নিশ্চিত করা জো বাইডেন রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়া রাজ্যেও জয় পেয়েছেন। এই জয়ের মধ্য দিয়ে ৩০৬টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন তিনি। ফল ঘোষণার বাকি থাকা একমাত্র রাজ্য নর্থ ক্যারোলিনাতে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই রাজ্যে তিনিই জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে। আর তা নিশ্চিত হলে ট্রাম্পের মোট ইলেক্টোরাল ভোট সংখ্যা দাঁড়াবে ২৩২-এ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.