নিজস্ব প্রতিবেদকঃ শাহবাগে সড়ক অবরোধ করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্রী ধর্ষণ’ মামলার আসামি নুরুল হক নুরসহ সব ধর্ষককে দ্রুত গ্রেফতার এবং তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগ গোল চত্বর অবরোধ করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চ (বুলবুল-মামুন) শাখার নেতাকর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ধর্ষণ মামলার আসামি ডাকসুর সাবেক ভিপিসহ সব ধর্ষককে গ্রেফতার, ধর্ষকদের বাঁচানোর জন্য মৌলবাদী অপশক্তির নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ, মুজিব কোটে আগুন দেওয়া, প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো ও কটূক্তিকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা।
শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। তারা সড়কে অবস্থান নেওয়ায় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, এমসি কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের ঘটনাসহ যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সবগুলো ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে। সবাইকে গ্রেফতার করা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বোনকে যে ধর্ষণ করা হয়েছে, তার আসামিদের এখনও গ্রেফতার করা হয়নি। তাদের যতক্ষণ গ্রেফতার না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান গ্রহণ করব।
এদিকে ধর্ষণের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন চালিয়ে যাচ্ছেন। গতকাল শুক্রবার টানা ২৭ ঘণ্টা অনশনের কারণে শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি চিকিৎসক টিম চিকিৎসা প্রদান দেয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.