করোনা পজেটিভ হলেও সুস্থ আছেন ইঞ্জিনিয়ার মোশাররফ

ডেস্ক নিউজ:
করোনাভাইরাসে আক্রান্ত ৭৬ বছর বয়সী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রামের মীরসরাই আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের শারিরীক অবস্থা আগের থেকে ভালো। তিনি করোনা পজেটিভ হলেও অনেকটা সুস্থই বলা যায়। প্রবীণ এ আওয়ামী লীগ নেতা বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) পাঠানো হয়। রাতে আসা রিপোর্টে তার শরীরে সংক্রমণের বিষয়টি জানা যায়। এরপর তাকে নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। ৯ অক্টোবর তাকে পার্কভিউ হাসপাতাল থেকে নিজস্ব গাড়িতে রাত সাড়ে দশটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ব্যক্তিগত সচিব মো. নূর খান বলেন, ‘বর্তমানে তাঁর (মোশাররফ) শারীরিক অবস্থা ভালো। সর্দি-কাশি-জ্বর কিছুই নেই। মানে তার শরীরে করোনার কোনো লক্ষণই নেই। তবু পজেটিভ হওয়ার কারণে তাকে চিকিৎসার জন্য ঢাকা সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শারীরিকভাবে সুস্থ থাকায় নিজ গাড়িতে করেই সড়কপথে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১০টা নাগাদ তাকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.