মো. নেজাম উদ্দিন,
দীর্ঘ পাঁচ মাস পর উন্মুক্ত করা হলো পর্যটন খাত। এতে করে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছেন পর্যটন খাতের ব্যবসায়ীরা। দীর্ঘদিন পর্যটন এলাকা বন্ধ থাকায় অনেক ব্যবসায়ী ভাড়ায় চালিত হোটেল-মোটেল ছেড়ে চলে গেলেও এখনো যারা আছেন তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পর্যটকদের স্বাগত জানাতে নিজ নিজ প্রতিষ্ঠানকে সাজিয়েছেন বর্ণিল সাজে। পর্যটকরা যেন কোনো ধরনের ক্লান্তিবোধ না করেন সেজন্য নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। আজ সোমবার থেকে পর্যটন নগরী কক্সবাজারে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হচ্ছে হোটেল-মোটেল ও রেস্তোরাঁ। এসব প্রতিষ্ঠানের মালিকরা পর্যটকদের স্বাগত জানাতে নিয়েছেন বেশ কিছু পদক্ষেপ। এই মহামারির সময়ে যেন করোনার সংক্রমণ বাড়তে না পারে সেজন্য বাড়তি কেয়ার করবেন বলে জানান তারা।
বেশ কয়েকটি হোটেল কর্তৃপক্ষ জানান, আমরা পর্যটকদের শরীরের তাপমাত্রা দেখে ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালোভাবে হাত জীবাণুমুক্ত করে ভেতরে প্রবেশ করানো হবে। এর আগেও বাইরে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। যদি কোনো পর্যটকের শরীরের তাপমাত্রা বেশি থাকে তবে তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। গত ৫ আগস্ট কক্সবাজার জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির অনলাইন সভায় আজ থেকে পর্যটন শিল্প খুলে দেওয়ার সিদ্দান্ত নেয় জেলা প্রশাসন।
জেলার পর্যটন শিল্পের সঙ্গে বিভিন্নভাবে প্রায় দুই লাখ মানুষের জীবিকা জড়িত। তাদের জীবন-জীবিকার কথা চিন্তা করে সীমিত আকারে পর্যটন শিল্প খুলে দেওয়ার জন্য এ সিদ্ধান্ত হয়েছে। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে পর্যটন শিল্প খুলতে হবে। মেনে চলতে হবে এ বিষয়ে প্রণীত কর্মপন্থার সকল নিয়মাবলি।
এ বিষয়ে স্টেক হোল্ডারসহ কক্সবাজারে পর্যটনশিল্পের সংশ্লিষ্ট সকলের সঙ্গে দফায় দফায় বৈঠক করে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে এবং আগত পর্যটকদের যে কোনো অবস্থাতেই স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য করতে হবে। তারপরও কেউ স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে তাদের আইনের আওতায় আনা হবে। এজন্য কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সার্বক্ষণিক তদারকি থাকবে বলে জানান জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
সমুদ্র সৈকতে ছাতা পরিচালনাকারীদের সংগঠন কিটকাট ব্যবসায়ী সমিতির সভাপতি মাবুবুল আলম মাবু জানান, আমরা খুবই খুশি, আজ প্রায় ৫ মাস পর আমরা প্রাণ ফিরে পেলাম। আমরা কিটকাট সমিতির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে সমুদ্র সৈকতে যত ছাতা আছে তা পরিচালনা করব।
হোটেল রিগ্যাল প্যালেসের জেনারেল ম্যানেজার হানিফ হেলালী জানান, স্বাস্থ্যবিধি মেনে আমাদের ব্যবসা পরিচালনা করা হবে এবং পর্যটকরা যাতে ঝুঁকিমুক্তভাবে থাকতে পারে সেদিকে আমাদের পূর্ণ খেয়াল থাকবে।
কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম জানান, আমাদের অনেক আন্দোলনের পর আজকের এইদিন। আমরা যারা পর্যটন খাত নিয়ে পরিবার চালাই, তারা জানেন এতদিন কীভাবে জীবন অতিবাহিত করেছি। আশা করছি, স্বাস্থ্যবিধি মেনে চললে আমাদের এলাকায় করোনার প্রভাব পড়বে না। সব হোটেল ব্যবসায়ীরা যদি একটু সচেতন হয় তাহলে তেমন সমস্যা হওয়ার কথা নয়। আরেকটি অনুরোধ, যারা কক্সবাজারে আসতে চান তারা আগে অবশ্যই নিজ এলাকা থেকে শারীরিক পরীক্ষা করে আসবেন। যদি করোনা আছে এমন কোনো সিম্পটম দেখা যায় তবে আপনারা কক্সবাজার আসা থেকে বিরত থাকুন।
জানা গেছে, দীর্ঘ প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর আজ থেকে সীমিত আকারে কক্সবাজারের হোটেল, মোটেল, কটেজ, রেস্টুরেন্টসহ পর্যটন শিল্প পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে শুধু কক্সবাজার পৌর এলাকার পর্যটন শিল্প সম্পৃক্ত প্রতিষ্ঠানসমূহ খোলার অনুমতি দেওয়া হয়েছে।
পর্যটন শিল্পের উদ্যোক্তাদের কাছ থেকে উখিয়া-টেকনাফের পর্যটন শিল্পও খুলে দেওয়ার অনুরোধ কক্সবাজার জেলা প্রশাসনের কাছে এসেছে। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক জানান, কক্সবাজার পৌর এলাকায় পর্যটন শিল্প সীমিত আকারে খোলা থাকাবস্থায় কোভিড-১৯ এর সংক্রমণের মাত্রা ও গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে পর্যটন শিল্পের উন্মুক্ত এলাকা আরও সম্প্রসারিত করা বা সংকুচিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে দীর্ঘ প্রায় ৫ মাস পর সীমিত আকারে কক্সবাজারের পর্যটন শিল্প খুলে দেওয়ার সিদ্ধান্তে কক্সবাজারের হোটেল, মোটেল, কটেজ, রেস্টুরেন্ট, ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। কক্সবাজারের কোলাহলময় ঐতিহ্যবাহী পর্যটন শিল্পের চিরচেনা রূপ আবার ফিরে আসবে- এমনটাই আশা সংশ্লিষ্টদের।
আগামী অক্টোবর থেকে কক্সবাজারে পর্যটন মৌসুম শুরু হওয়ার মাস দেড়েক আগে কক্সবাজারের পর্যটন শিল্প উন্মুক্ত করে দেওয়ায় পর্যটন শিল্প উদ্যোক্তারা বেশ খুশি। তারা আসন্ন পর্যটন মৌসুমের জন্য সময় নিয়ে আগাম প্রস্তুতি নিতে পারবেন।
এদিকে কক্সবাজার জেলা ট্যুরিস্ট পুলিশও পর্যটক এবং পর্যটক শিল্পের সার্বিক নিরাপত্তায় প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি, রেসকিউ টিমসহ সংশ্লিষ্ট সকলে তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.