নিজস্ব প্রতিবেদকঃ সাবমেরিন ক্যাবল কাটা পড়ায় সারাদেশে ধীরগতি ভর করেছে ইন্টারনেটে। রোববার সকাল থেকেই গতি অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
কুয়াকাটার মাইটভাঙ্গা এলাকায় অবস্থিত সিমিউই-৫ সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় রাত ৯টার আগ পর্যন্ত এই গতি স্বাভাবিক হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
২০১৪ সালে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি এসএমডব্লিউই-৫ (SMW-5) কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে যোগদান ও মালিকানা নিশ্চিত করে।
২০১৭ সালের ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এর উদ্বোধন করেন। এসএমডব্লিউই-৫ ক্যাবল সংযুক্ত হওয়ার মাধ্যমে বিএসসিসিএল-এ ১৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ যোগ হয়।
এ বিষয়ে বিএসসিসিএল ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান জানান, দ্রুততার সঙ্গে সংযোগ সচল করার জন্য কাজ তদারকি করতে তিনি ঘটনাস্থলে রওনা দিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.