বেসরকারি হাসপাতালগুলোতে অভিযান নয়, অনিয়মের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ অনিয়ম ঘটলে বেসরকারি হাসপাতালগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর এককভাবে অভিযান চালানোর বিপক্ষে অবস্থান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
কোভিড-১৯ মহামারীর মধ্যে অনিয়ম পেয়ে গিয়ে কয়েকটি হাসপাতাল আইনশৃঙ্খলা বাহিনী বন্ধ করে দেওয়ার প্রেক্ষাপটে তিনি এই অবস্থান জানান।
রোববার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে জাহিদ মালেক বলেন, “এটা অভিযান কেন? হাসপাতালে কি অভিযান করে? হাসপাতালে ইনকোয়ারি করে।
“অভিযান তো করে চিটাগং হিল ট্রাক্টসে, সেখানে সন্ত্রাসী থাকে, সেখানে অভিযান করে।”
র্যাব-পুলিশের অভিযানের পর সরকারি-বেসরকারি হাসপাতালে অভিযান চালানো থেকে বিরত থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গত ৪ অগাস্ট চিঠি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
“এককভাবে ওনারা কোনো জায়গায় যাবে না, ওনারা আমাদের সাথে আলোচনা করে, আমরাও দরকার হলে ওনাদেরকে নিয়ে যাবো।”
“কাজেই অভিযান বন্ধ হয়ে গেছে, এ কথাটা ঠিক নয়,” বলেন তিনি।
এদিকে রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএমএ এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যসচিব আবদুল মান্নান।
বেসরকারি হাসপাতাল মালিকদের কাছে স্বাস্থ্য মন্ত্রণালয় নমনীয় কি না- এ প্রশ্নে সচিব বলেন, অভিযান বন্ধ থাকবে না। অনিয়মের ক্ষেত্রে আমরা একটুও নমনীয় হব না। কিন্তু যেন সমন্বয় থাকে, সেজন্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.