স্বাস্থ্যবিধি মানানোর জন্য প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বানঃ ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদুল আজহায় ঘরমুখো মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর সরকারি বাসভবন থেকে গাজীপুরের মেয়র, সংসদ সদস্য, সড়ক বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সকালে এ আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে সরকার। এটা সিরিয়াসলি দেখতে হবে। তা না হলে এই যাত্রা অনেকের জন্য অন্তিম যাত্রায় পরিণত হবে।’
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার কাজ করছে, এ কথা জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘প্রতিবছর ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পদক্ষেপ নিই এবং সবার সহযোগিতায় তা বাস্তবায়ন করি।
তিনি বলেন, তা না হলে এই যাত্রা অনেকের জন্য অন্তিম যাত্রায় পরিণত হবে।
বগুড়া, শফিপুর, চন্দ্রা করিডোরে ফ্লাইওভারের কারণে কিছু অসুবিধা হতে পারে আশঙ্কা ব্যক্ত করে মন্ত্রী বলেন, এই করিডোর ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিতে হবে পুলিশ ও সিটি কর্পোরেশনকে। ঈদের আগের দুই দিন গাজীপুর এলাকার গার্মেন্টসগুলো ছুটি হওয়ায় যাত্রীদের চাপ বেড়ে যায়। তাই বিজিএমই’র সাথে পরিকল্পনা করে বাড়তি চাপ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে সড়ক জোনের উদ্যোগে।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বন্যা দুর্গত মানুষকে ও প্রশাসনকে সহায়তা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সমন্বয় কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন।
এ সময় দলের জনপ্রতিনিধি ও দলের নেতাকর্মীদের অতীতের মতো মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.