ওসি হাবিবের মানবতা, সাত মাসের বকেয়া বেতন পেলেন বৃদ্ধ আবু শমা

এম.মনছুর আলম, চকরিয়া:
পুলিশ জনতা-জনতাই পুলিশ, পুলিশ জনগনের বন্ধু এবং সেবক, এই কথাগুলো বাস্তবে প্রমাণ করেছেন কক্সবাজারের চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো.হাবিবুর রহমান। পুলিশ অসহায় ও বিপন্ন মানুষের বন্ধু প্রমাণ করে তিনি ইতিমধ্যে উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভার মানুষের কাছে আস্থা অর্জন করেছেন।
মানুষ অসহায় হয়েই পুলিশের কাছে আসে। পুলিশ হয়তো সব সমস্যার সমাধান করতে পারবে না, কিন্তু মনযোগ দিয়ে তাদের কথাগুলো শোনেন এবং করণীয় সম্পর্কে তাদেরকে বুঝিয়ে বলেন।
পুলিশ কর্মকর্তা হলেও অসহায় মানুষের কাছে মানবতার সেবক হিসেবে পরিচিত চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান।
ওসি হাবিবুর রহমান থানায় যোগদান করার পর থেকে তাঁর কঠোরতায় উপজেলায় মাদক, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রবনতা হ্রাস পেয়েছে। আগেরমত চুরি-ডাকাতির ঘটনাও নেই। অপরাধ দমনে তিনি কঠোর হলেও অসহায় মানুষের কাছে তিনি মানবতার দেবদূত হিসেবে ইতোমধ্যে পরিচিত।
মানবতার সেবক হিসেবে অসহায়, সুবিধা বঞ্চিত দরিদ্র পরিবার, বিধবা নারী, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও এতিমদের পাশে দাঁড়িয়ে নানা দৃষ্টান্ত স্থাপন করেছেন। বুধবার রাতেও অতীতের ন্যায় মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে ওসি হাবিবের এমনই এক ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় সত্তরোর্ধ্ব এক বৃদ্ধার মহানুভবতার ঘটনাকে ঘিরে।
দীর্ঘ পাঁচ বছর ধরে চকরিয়া পৌরসভা এলাকায় এক প্রবাসীর বহুতল ভবনে পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন সত্তরোর্ধ্ব আবু শামা। প্রতি মাসে ছয় হাজার টাকা বেতনে তিনি কাজ করে এলেও নিয়মিত পাওনা পরিশোধ করছিলেন না প্রবাসী বাড়ির মালিক। এরই মধ্যে চলে আসা করোনা পরিস্থিতির কারণে বাড়ির মালিক প্রবাসী ওই বৃদ্ধকে বিভিন্ন অজুহাত দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি দেন। কিন্তু সাত মাসের বকেয়া থাকা বেতনের ৪২ হাজার টাকা পরিশোধ করেননি ওই প্রবাসী। উল্টো তাকে মিথ্যা অপবাদ এবং ধমক দিয়ে চলে যেতে বাধ্য করেন বৃদ্ধকে। এ অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে বৃদ্ধা চরম অর্থসংকটে পড়ে যান করোনার এই সময়ে।
বুধবার রাতে বিষয়টি নজরে আসে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. হাবিবুর রহমানের। তাৎক্ষণিক থানার একজন পুলিশ কর্মকর্তাকে (এসআই আবদুল্লাহ আল মাসুদ) পাঠিয়ে পৌরসভার সবুজবাগস্থ প্রবাসী আনোয়ারুল ইসলাম সিকদারকে থানায় ডেকে নিয়ে বিষয়টি জানতে চান। এ সময় ওসির রুমে বসা ছিলেন পাহারাদার বৃদ্ধ আবু শামা। তখন প্রবাসী স্বীকার করেন, ওই বৃদ্ধের সাত মাসের বেতন বাবদ তাঁর কাছে ৪২ হাজার টাকা পাওনা রয়েছেন। সেই টাকা কিছুক্ষণের মধ্যে ওসির কাছে হস্তান্তর করেন প্রবাসী আনোয়ারুল ইসলাম সিকদার। পরে সেই টাকা বৃদ্ধ আবু শামার হাতে তুলে দেন থানার ওসি।
বেতনের বকেয়া টাকা হাতে পেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছিল বৃদ্ধ আবু শামার। এ সময় তিনি টাকাগুলো পেয়ে দুই হাত তুলে পুলিশের জন্য তথা থানার ওসি মো. হাবিবুর রহমানের জন্য প্রাণভরে দোয়া করেন।
বৃদ্ধ আবু শামা বলেন, এই টাকা যদি আমি না পেতাম, তাহলে আমার এবং পরিবারের বড় ধরণের ক্ষতি হয়ে যেত। পাশাপাশি বড় ধরণের মিথ্যা অপবাদ নিয়ে আমাকে মরতে হতো। আজ মানবতাবাদী পুলিশ আছে বলেই আমি ন্যায়বিচার পেয়েছি।
এ নিয়ে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, পুলিশের কর্তব্য জনগণের সেবা করা, জনগণকে ভালবাসা, দুর্দিনে জনগণকে সাহায্য করা। তাই বাবার বয়সী এমন একজন বৃদ্ধের সাথে প্রবাসী যে আচরণ করেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি জানার পর তাৎক্ষণিক প্রবাসীকে থানায় হাজির করে বকেয়া থাকা বেতনের টাকা উদ্ধার করে দিই। এরপর পুলিশের গাড়িতে করে নিজ বাড়ি ডুলাহাজারায় পৌঁছে দিয়ে আসি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.