নিজস্ব প্রতিবেদকঃ দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৬১৭ জন এবং মারা গেছে ১৬ জন। সুস্থ হয়েছে ২১৪ জন।
আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১১ হাজার ১৩৮ জনের। নমুনা পরীক্ষা করা হয় ১০ হাজার ২০৭ জনের। এটি একদিনে সর্বোচ্চ পরীক্ষা। এর আগে গত ১৮ মে ৯ হাজার ৭৮৮ জনের নমুনা পরীক্ষার কথা জানানো হয়। নাসিমা বলেন, নতুন পরীক্ষায় একদিনে সর্বোচ্চ ১ হাজার ৬১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত ১৮ মে শনাক্ত হয়েছিল সর্বোচ্চ ১ হাজার ৬০২ জনের। এ পর্যন্ত ২ লাখ ৩ হাজার ৮৫২ জনের করোনা পরীক্ষা করে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৭৩৮ জনে।
এছাড়া এই সময়ে মৃত্যু বরণ করেছেন ১৬ জন। গত দুদিনের তুলনায় মৃত্যু কমেছে। এর আগে গত দুদিন ধরে ২১ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। এ নিয়ে মোট মৃত্যু ৩৮৬ জনের। নতুন মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৩ জন নারী
নাসিমা বলেন, নতুন মৃতরা বয়স বিবেচনায় ০-১০ বছরের মধ্যে ১ জন, ১১-২০ বছরে মধ্যে ১ জন, ২১-৩০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ১ জন, ৪১-৫০ বছরের মধ্যে ১জন, ৫১-৬০ বছরের মধ্যে ৫ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৪ জন, ৭১-৮০ বছরের মধ্যে ২জন, ৮১-৯০ বছরের মধ্যে ১ জন।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ২১৪ জন। এ নিয়ে মোট ৫ হাজার ২০৭ জন সুস্থ হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন আইসোলেশনে এসেছেন ৩০০ জন। ছাড় পেয়েছেন ১০০ জন। আর বর্তমানে আইসোলেশনে আছেন ৩ হাজার ৮১৬জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪৮ লাখ ৯৬ হাজার ৩১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ২৩ হাজার ২২১ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৯ লাখ ৭০ হাজার ৯১৮ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩৮৬ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৩৮ জন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.