নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৯৯৫ জনে। এছাড়া একদিনে (গত ২৪ ঘণ্টায়) আরও ১৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১৪ জনে।
আজ শনিবার (১৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরের ল্যাবে মোট নমুনা সংগ্রহ করা হয়েছিল ৬ হাজার ৫০১টি। এর মধ্যে ৬ হাজার ৭৮২টি পরীক্ষা করে ৯৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৯৯৫ জনে। নাসিমা জানান, এ কয়দিন ৪১টি ল্যাবের তথ্য জানালেও আজ ৩৩টি ল্যাবের তথ্য জানানো হয়েছে। আটটি ল্যাবের তথ্য ব্রিফিং করার সময় পর্যন্ত হাতে আসেনি।
এছাড়া এই সময়ে মৃত্যু বরণ করেছেন ১৬ জন। এরা সবার পুরুষ। এদের মধ্যে ঢাকা বিভাগে ১২জন মারা গেছেন, যার সাতজনই ঢাকা সিটির বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২জন ও রংপুর বিভাগে ২জন। মৃতরা বয়স বিবেচনায় ৭১-৮০ বছরে মধ্যে ১ জন, ৬১-৭০বছরের মধ্যে ৩ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৬জন, ৪১-৫০ বছরের মধ্যে ৫জন, ৩১-৪০ বছরের মধ্যে ১জন।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ২৩৫জন। এ নিয়ে মোট ৪ হাজার ১১৭জন সুস্থ হয়েছেন।
বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। তারপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.