দেশে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়ালো, মৃতের সংখ্যা ২০৬ জন

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্তের দুই মাসের মাথায় রোগীর সংখ্যা ১৩ হাজার পেরিয়ে গেল; মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল দুইশ।

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৭০৯ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ১৩৪ জন।

এ নিয়ে দেশে সাতজনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় আরও ১৯১ জন সুস্থ হওয়ায় সব মিলিয়ে সুস্থ হয়েছেন দুই হাজার ১০১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শুক্রবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ; তার দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

নাসিমা সুলতানা বলেন,গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১০৩ জন। মোট আইসোলেশনে আছেন এক হাজার ৮৭৪ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ৬১৯ জন।

দেশে করোনাভাইরাস মোকাবিলায় ৬৪ জেলায় ৬১৫টি প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সেবা দেওয়া যাবে ৩০ হাজার ৯৫৫ জনকে।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার তথ্যানুযায়ী শুক্রবার বিকাল তিনটা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৭০ হাজার ৮৮০ জন। এছাড়া ভাইরাসটিতে সারা বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৩০ হাজার ৮৫২ জন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.