কক্সবাজারে ‘রেকর্ড’ একদিনে ২০ করোনা ‘পজিটিভ’

নেজাম ‍উদ্দিন, ওয়ান নিউজ

করোনায় দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৯৯ জনের প্রাণহানি হলো। দেশে গত ২৪ ঘণ্টায় ৭০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪২৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৩৮২ টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮৬৭ টি। আজ বৃহস্পতিবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এর আগে বুধবার একদিনে দেশে রেকর্ড ৭৯০ জন করোনা রোগী শনাক্ত হয় ও ৩ জনের মৃত্যু হয়।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

এদিকে এতোদিনের সব রেকর্ড ভেঙ্গে একদিনেই কক্সবাজারে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে ২০ জন। মাত্র ১৫০ জন সন্দেহভাজন রোগীর নমুনা টেষ্ট করে এই ফল পাওয়া গেছে। ইতোপূর্বে একদিনে সর্বাধিক ১১ জন করোনা রোগী পাওয়ার রেকর্ড ছিল।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য জানিয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চলমান এই টেষ্টে বৃহস্পতিবার (৭ মে) এই রেকর্ড পরিমাণ রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। এদের মধ্যে কক্সবাজার জেলার২০ জন ও চট্টগ্রামের লোহাগড়া উপজেলার একজন রোগী রয়েছেন। এছাড়াও একজন ‘ফলোআপ’ রোগীর রিপোর্টও পজিটিভ পাওয়া গেছে।

এ নিয়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে একদিনে ২১ জন রোগীর রিপোর্ট ‘পজিটিভ’ হলেও তাদের মধ্যে নতুন রোগী ২০ জন। তবে এদের মধ্যে বান্দরবান জেলার কারও রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া যায়নি।

মেডিকেল কলেজে একটি সুত্র কক্সবাজার ভিশন ডটকমকে জানিয়েছেন, গতকাল বুধবার (৬ মে) থেকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার দুইটি উপজেলা লোহাগড়া ও সাতকানিয়ার নমুনাও পরীক্ষা করা হচ্ছে। গতকাল ওই দুই উপজেলার কোন পজিটিভ রোগী পাওয়া না গেলেও দ্বিতীয় দিনে লোহাগড়ার একজন পজিটিভ পাওয়া গেল। সুত্র মতে, কক্সবাজার জেলার ২০ জন ‘পজিটিভ’ রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলা, মহেশখালী, চকরিয়া ও পেকুয়া উপজেলার রোগী রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.