আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রায় ২৯ হাজার বাংলাদেশি দেশে ফিরবেন: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের কারণে বিদেশে আটকেপড়া প্রবাসী কর্মীদের অবশ্যই দেশে ফিরিয়ে আনা হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ২৮ হাজার ৮৪৯ জন প্রবাসী কর্মী দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
মন্ত্রী বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে বিদেশে আটকেপড়া প্রবাসী কর্মীদের দেশে ফিরিয়ে আনব, এতে কোনো সন্দেহ নেই। তাদের আনার ব্যবস্থা করা হচ্ছে।’
করোনাভাইরাস ইস্যুতে কারাগার থেকে সদ্য মুক্তি পাওয়া, কর্মহীন এবং দীর্ঘ সময় ধরে অবৈধভাবে মধ্যপ্রাচ্যে দেশগুলোতে থাকা ব্যক্তিরা এই তালিকায় রয়েছেন।

বুধবার প্রবাসী বাংলাদেশিকর্মীদের দেশে ফেরানো নিয়ে পঞ্চম আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এসব তথ্য জানান।

গত ২৪ এপ্রিল থেকে গত ৫ মে পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ ফ্লাইটে এক হাজার ৬৩৫ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরেছেন। বিশেষ করে মধপ্রাচ্যের দেশ ওমান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত থেকে একাধিক ফ্লাইট এসেছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘মধ্যপ্রাচ্য থেকে তিন হাজার ৭৯৫ জন বাংলাদেশি ফেরত এসেছেন। এদের মধ্যে অধিকাংশই সেখানকার জেলে ছিলেন এবং তাদের সাধারণ ক্ষমা করা হয়েছে। এছাড়াও ওমরাহ পালনকারী কিছু এসেছেন। কিছু অনিবন্ধিত শাস্তিপ্রাপ্তও ফিরেছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরব বলেছে চার হাজার ২০০ জনের মতো ফেরাতে পারে। জর্ডান, ওমান, লেবানন থেকেও ফেরত আসার সম্ভাবনা আছে। লেবাননে তারা ঝামেলায় আছেন। তাদের আইওএম এর মাধ্যমে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। কাতার ও ইরাক থেকেও ফিরছে। ইরাকে বড়সংখ্যক প্রবাসীর চাকরি চলে গেছে। তাদেরও ফেরত আনার চেষ্টা করা হচ্ছে।’

করোনার আগে বিভিন্ন দেশে আটকা পড়াদের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘বিদেশে গিয়ে যে বাংলাদেশিরা আটকে গেছে, যেমন ভারত, চীন, জাপান, সিঙ্গাপুর তাদেরও দুই হাজার ৮৫৩ জনকে ফেরত এনেছি। আরও কিছু আনার জন্য ভাড়া করা ফ্লাইটের ব্যবস্থা করছি। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকেও ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।’

ড. মোমেন বলেন, ‘আমাদের জানা মতে, কুয়েতে প্রায় সাড়ে ৪ হাজার প্রবাসী বাংলাদেশিকে ক্যাম্পে আটকে রাখা হয়েছে। আমরা জেনেছি, তাদের ঠিকমতো খাবার দেয়া হচ্ছে না। মিশন তাদের খাবারের ব্যবস্থা করছে। কুয়েত সরকার যখনই চাইবে, তখনই আমরা তাদের নিয়ে আসব। কুয়েত সরকার নিজেরাই ফ্লাইটের ব্যবস্থা করে তাদের ফেরত পাঠাবে। যখনই তারা ফ্লাইট শিডিউল দেবে তখনই তাদের গ্রহণ করব। আমাদের এয়ারলাইন্স চালু হলেই বাকি প্রবাসীরা যখনই চান আসতে পারেন।’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা জেনেছি, তাদের ঠিকমত খাবার দেওয়া হচ্ছে না। মিশন তাদের খাবারের ব্যবস্থা করছে। কুয়েত সরকার যখনই চাইবে তখনই আমরা তাদের নিয়ে আসব। বাকি প্রবাসী যখনই চান আসতে পারেন। কুয়েত সরকার নিজেরাই ফ্লাইটের ব্যবস্থা করে তাদের ফেরত পাঠাবে। যখনই তারা ফ্লাইট সিডিউল দেবে তখনই তাদের গ্রহণ করব।’

মালদ্বীপ থেকে আগামীকাল ৪০০ প্রবাসী দেশে আসবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘মালদ্বীপ থেকে আগেও এসেছে। দেশটির প্রেসিডেন্ট বলেছে প্রায় দেড় হাজারের মতো আসবে। আমরা অবশ্যই তাদের গ্রহণ করব।’

বৈঠকে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.